লুকিয়ে সহপাঠিনীদের ছবি তোলা, ক্লাসের মধ্যেই রিলস বানানো অভিযোগ, ছাত্রকে শাসন করায় স্কুলে দলবল নিয়ে চড়াও ছাত্রের বাবা

রিলস বানানো যেন এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। স্কুলের মধ্যেই ছাত্রীদের রিলস বানাচ্ছিল এক ছাত্র। তা দেখতে পেয়ে ছাত্রকে শাসন করেছিলেন প্রধান শিক্ষক। এরপরই লাঠি নিয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হলেন ওই ছাত্রের বাবা। এই ঘটনায় তুমুল শোরগোল পড়েছে ওই এলাকায়।

কী অভিযোগ উঠেছে?

ঘটনাটি ঘটেছে কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ওকরসা উচ্চ বিদ্যালয়ে। স্কুলের ছাত্রীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এক ছাত্র অন্য ক্লাসের মেয়েদের ছবি তুলছিল পিছন থেকে। ওই ছাত্র স্কুলের ভোকেশনাল বিভাগের পড়ুয়া। ওই ছাত্র মেয়েদের রিলস ভিডিও বানাচ্ছিল বলেও অভিযোগ।

জানা গিয়েছে, ছাত্রীরা তাকে বারণ করলে সে নাকি হুমকিও দেয় তাদের। স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় ছাত্রীরা। এরপরই ওই ছাত্রকে ডেকে শাসন করেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত সরকার।

এরপরই ঘটে বিপত্তি। গত বৃহস্পতিবার স্কুল চলাকালীন অভিযুক্ত ওই ছাত্র ও তার বাবা দলবল নিয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হয় স্কুলের মধ্যে। অন্যান্য শিক্ষক ও ক্লার্ক এসে উদ্ধার করে প্রধান শিক্ষককে। থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্ত ছাত্র ও তার বাবাকে আটক করে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর ওই স্কুলের শিক্ষকরা একজোট হয়ে স্কুলের প্রত্যেক ক্লাসরুমে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে থাকা মোবাইল নিয়ে নেন। স্কুলে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর