লকডাউন চলাকালীন বারবারই দুর্নীতির অভিযোগ এসেছে তৃণমূলের বিরুদ্ধে। কিছুদিন আগে রেশন বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সাংসদ মহুয়া মৈত্র এদিন নাম না নিয়েই তৃণমূলের নিচের স্তরে কর্মীদের ইঙ্গিত দিয়েই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। সেই বিষয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই রাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান তান্ডব করে গেল। ক্ষতিগ্রস্তদের ত্রাণের টাকা ইতিমধ্যেই সবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এই জন্য কেউ যদি ফর্মের টাকা চায় কিংবা অন্য কিছু চায় তাতে কান দেবেন না। এই সমস্ত কিছুরই সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের। এর জন্য কোনো টাকা লাগবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য কেউ যদি কোনো দলে যোগ দিতে বলেন তাও শুনবেন না।
আপনাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি পুলিশকে জানান। পুলিশকে লিখিত ভাবে চিঠির মাধ্যমে জানানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। পুলিশকেও তিনি নির্দেশ দেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা থাকলে সেগুলিকে যেন তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তিনি পুলিশদের উদ্দেশ্যে বলেন, পুলিশ যেন ঠিক করে প্রথমে দেখে নেয় , অভিযোগ সত্য কি না। আমফানের ক্ষতিগ্রস্ত রাজ্যবাসী যাতে তাদের প্রাপ্ত টাকা পেতে পারে, সেটা নিশ্চিত করতেই এবার ময়দানে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
তবে রাজনৈতিক মহলে অন্য গুঞ্জন শোনা যাচ্ছে।রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লকডাউনের মধ্যে এর আগে রেশন বণ্টন নিয়ে নানান দুর্নীতির খবর ছড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এবার আমফান ত্রাণের ক্ষেত্রেও যে ফের দুর্নীতি হবে সেই সুযোগের অপেক্ষায় বসে আছে বিজেপি। আর তাতে দলের ভাবমূর্তিতেও কুপ্রভাব পড়তে পারে। তাই কোনও অভিযোগ থাকলে তা পুলিশকে সরাসরি জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে রাজনীতির রং না দেখে পুলিশ এবার যথাযথ ব্যবস্থা নেবে গরমিলের ক্ষেত্রে, আশাবাদী রাজ্যবাসী।





