WB Election 2021: সংযুক্ত মোর্চায় জট! সিপিএমের ঘোষিত আসনেই ফের প্রার্থী দিল কংগ্রেস! জোটেই কী তবে ভাঙন

আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোট বেঁধেছে। এই জোটকে বলা হচ্ছে সংযুক্ত মোর্চা। নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে আগামী ২৭শে মার্চ। হাতে আর মেরেকেটে পাঁচ দিন। কিন্তু এর আগেই জোটে বাঁধল জট। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সংযুক্ত মোর্চার দুই প্রার্থী সিপিএম-কংগ্রেস মুখোমুখি লড়ছে। এখানেই এবার প্রশ্ন উঠেছে, এটা কী তবে বন্ধুত্বপূর্ণ লড়াই? জোট কী তবে ভেঙে গেল? কিন্তু সংযুক্ত মোর্চার অনুযায়ী, সামশেরগঞ্জের আসনটি সিপিএমের জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে কংগ্রেসও তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই নিয়ে ভোটের মুখে মুর্শিদাবাদে শুরু হল জোর তরজা।

আরও পড়ুন- পাহাড়ে জনমুক্তি মোর্চার যুযুধান দু’পক্ষের লড়াইয়ের সুযোগ নিচ্ছে বিজেপি, ভোটের মুখে চরম বিপাকে শাসকদল

কিছুদিন আগেই সামশেরগঞ্জে সিপিএমের পক্ষ থেকে মোদাসসার হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী, প্রচারও শুরু করেছে তারা। এদিকে, শনিবার রাতে কংগ্রেস ঘোষণা করেছে তাদের প্রার্থী তালিকা। সেখানে দেখা গিয়েছে, সেই সামশেরগঞ্জেই আবার কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মহম্মদ রেজাউল হক ওরফে মন্টুকে। এর জেরেই সংযুক্ত মোর্চা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে জানা গিয়েছে, সিপিএমের পক্ষ থেকে কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন করা হয়েছে যাতে তারা সামশেরগঞ্জ আসনের প্রার্থী তুলে নেয়। তবে কংগ্রেস সেই আবেদন মানতে নারাজ।

আরও পড়ুন- নির্বাচনের প্রাক্কালে ফের দলবদল! ৫০-এর অধিক তৃণমূল কর্মী-সমর্থক এখন বিজেপিতে 

এই বিষয়ে জেলা কংগ্রেস মুখপাত্র মেহফুজ আলম ডালিম বলেন, “বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই জানিয়েছিলেন যে এখানে আমরা অনেক ভোটে জিতেছি। তাই সামশেরগঞ্জে আমাদের প্রার্থীকে সমর্থন করুন”। অন্যদিকে, সিপিএম নেতা জামির মোল্লা বলেন তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে বাম-কংগ্রেস-আইএসএফ জোট করেছে। তাতে কে কটা আসন পাবে, তা আগেই স্থির করা হয়েছে।

জোটের এই বিষয় নিয়ে কটাক্ষ করতে বাদ যায়নি তৃণমূল। তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান বলেন, অধীর কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে চান না। উনি কোনওদিনই জোটধর্মে বিশ্বাসী নন। তাই মুর্শিদাবাদে জোট নিয়ে ঝামেলা হতই।

RELATED Articles