ভাইরাল হল এক তৃণমূল নেতার শূন্যে গুলি ছোঁড়ার ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রকাশ্যে বন্দুক থেকে শূন্যে গুলি চালাচ্ছেন। অনেকেই দাবী তুলেছেন, এই নেতা নাকি রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা পুরসভার বর্তমান পুর প্রশাসক মণ্ডলীর সদস্য জাহিদ হাসান খান।
এই ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তৃণমূলকে এই নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ শানিয়েছে বিজেপি। যদিও খবর ২৪x৭-এর তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে তৃণমূল নেতা জাহিদ হাসান খানকে বন্দুক থেকে শূন্যে গুলি চালাতে দেখা গিয়েছে। এই নিয়েই শুরু বিতর্ক। একজন রাজনৈতিক নেতা অবলীলায় এভাবে গুলি কীভাবে চালাতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই বিষয়ে জাহিদ হাসান খান কোনও মন্তব্য করতে রাজি হন নি।
এদিকে তৃণমূলের একাংশের প্রশ্ন, এই ভিডিও কোথায় তোলা হয়েছে? একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই ভিডিও আগেই তোলা হয়েছিল। তবে কথায় বা কেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
ভিডিও সৌজন্যেঃ আনন্দবাজার পত্রিকা
এই প্রসঙ্গে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, “তৃণমূলের কাছে এটা নতুন কিছু নয়। বন্দুক, পিস্তল নিয়েই ওদের কারবার”।
পাল্টা তৃণমূলের হুগলি জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর মন্তব্য, “ভিডিওর সত্যতা যাচাই হয়নি। তাই এ নিয়ে প্রশ্ন আছে। তবে প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে জায়গাটি পশ্চিমবঙ্গ নয়। এটা সত্যি বন্দুক না মিথ্যা, সেটাও বোঝা যাচ্ছে না”।
তাঁর আরও দাবি, “বন্দুক নিয়ে খেলা করার মতো জায়গা বাংলা নয়”। তবে এই গুলি ছোঁড়ার ভিডিও নিয়ে বিতর্ক থামার নাম নেই। এই নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার