আবাস যোজনার ৬টি ঘর প্রধানের পরিবারেরই, ‘বিজেপি করলে ঘর মিলবে না’, জানালেন পঞ্চায়েত প্রধান, পাত্তা দিচ্ছেন না ‘দিদির দূত’ও, বিক্ষোভ গ্রামবাসীর

আবাস যোজনা নিয়ে রাজ্যে অভিযোগের অন্ত নেই। নানান এলাকা থেকে নিত্যদিন নানান অভিযোগ উঠে আসছে। এবার ফের এক চাঞ্চল্যকর অভিযোগ এল গোঘাটের ২ নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। অভিযোগ, ৬টি আবাস যোজনার বাড়ির মালিক গ্রাম পঞ্চায়েত প্রধানের পরিবারের লোকজন। যারা যোগ্য, তাদের প্রাপ্য বাড়ি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

অভিযুক্ত প্রধানের দাবী, ২০১৮ সালে যে সমীক্ষা হয়েছিল, তাতে তাঁর পরিবারের নাম ওঠে। কিন্তু এই বিষয়ে সঠিক কিছু জানেন না। কিন্তু তাহলেও আবাস যোজনার তালিকায় এলাকার সাধারণ মানুষের নাম কেন থাকবে না, তা নিয়েও প্রশ্ন থেকেই যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত থেকে একটা ত্রিপলও দেয় না তাদের। তাদের মাটির ঘর। ঝড়-দুর্যোগ মাথায় নিয়ে দিন কাটে তাদের। গ্রামবাসীদের দাবী, আবাস যোজনায় নাম তোলার কথা জানাতে গেলে পঞ্চায়েত থেকে হেনস্থা করা হচ্ছে তাদের। তারা তৃণমূল করলেও তাদের বলা হচ্ছে যে তারা নাকি ‘বিজেপি’ করছে, পরের তালিকায় নাম আসবে। এই নিয়ে ‘দিদির দূত’কে বললেও তারা পাত্তা দিচ্ছেন না বলেই অভিযোগ স্থানীয়দের।

এই স্থানীয় বাসিন্দার কথায়, “আমরা যখনই যাচ্ছি, আমাদের তালিকা দেখিয়ে বলছে নাম আছে। পরে দেব। শুধু পরে পরে করে ঠেকিয়ে রেখেছে। পার্টির নেতারাও কিছু দেয় না, প্রশাসনও গ্রাহ্য করে না। আমাদের কিছুই নেই। যখন সিপিএম ছিল তখন ৩ কাঠা জায়গা দিয়েছিল। সেইটুকুই। আমার দুই ছেলে, দুই বৌমা, তিনটে নাতি। আমরা ওই ভাঙা ঘরে আছি। আমরা যদি মরে যাই পার্টির লোক এসে শ্মশানযাত্রা করবে”।

এই ঘটনা প্রসঙ্গে বেঙ্গাই গ্রামপঞ্চায়েত প্রধান মেনকা মালিক বলেন, “প্রভাব খাটিয়ে যদি ৬টা ঘর করতে পারতাম তা হলে তো অনেক সাধারণ মানুষ আছেন যাঁরা ঘর পাওয়ার যোগ্য, তাঁদেরও দিতাম। ২০১৮ সালে যা সার্ভে হয়েছে, সেইমতোই ঘর এসেছে। এখানে প্রধান, জনপ্রতিনিধি কারও কোনও হাত নেই”।

আবার এই প্রসঙ্গে গোঘাট-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ কেওড়্যার দাবী, “এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এখন ২-৩ জনের পরিবার। খোঁজ নিয়ে আমি দেখেছি ওরা ৬টা পরিবার। আমি বিডিওকেও এ নিয়ে বলি। উনিও আমাকে বলেছিলেন, ৬টা পরিবার। সকলেই পাওয়ার যোগ্য। আমার প্রশ্ন, যাঁর সত্যি বাড়ি নেই। প্রধান হওয়ার জন্য কি তিনি বাড়িও পাবেন না? তবে হ্যাঁ যেহেতু জ্ঞাতি সকলে, তাই এটা ধাপে ধাপে হলেই ভাল হত”।

RELATED Articles