গতকাল শীতলকুচির ঘটনায় স্তম্ভিত বাংলা। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগকে ঘিরে এত খুনোখুনি রীতিমতো অবাক করছে। গতকাল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। যে ঘটনাটি এখন উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
তবে এদিন বরানগরে ভোট-প্রচার থেকে শীতলকুচি নিয়ে কড়া মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গতকালের মর্মান্তিক ঘটনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ বলেন, ‘এত দুষ্টু ছেলে কোথা থেকে এল? ওই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়। সবে শুরু হয়েছে, এটা সারা বাংলায় হবে। যাঁরা ভেবেছেন বাহিনী বন্দুকটা দেখানোর জন্য এনেছে, বাহিনী শুধু বন্দুকটা দেখাতে আসেনি। কেউ যদি আইন হাতে নিতে আসে তাঁকে যোগ্য জবাব দিতে হবে।’ এর পরে পঞ্চম দফার ভোটের প্রসঙ্গে দিলীপ সংশ্লিষ্ট ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘১৭ তারিখে ভোট দিতে যান, বাহিনী থাকবে। ভোট দিতে না পারলে আমরা আছি। শীতলকুচিতে কী হয়েছে দেখেছেন তো? বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’
এই স্পর্শ কাতর বিষয়ে, বিজেপির প্রদেশ অধ্যক্ষের এহেন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আমজনতা।
প্রসঙ্গত গতকাল মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে ৩০০ জনের একটি দল। অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে গুলি চালায় সিআইএসএফ জওয়ানরা। গুলি লেগে মৃত্যু হয় চার জনের।





