West Bengal Corona Alert: হঠাৎ লাফিয়ে বাড়ছে করোনা, স্বাস্থ্য ভবনের জরুরি নজরদারির নির্দেশ!

শীতের শেষে যখন গরমের ছোঁয়া অনুভব করছে রাজ্যবাসী, ঠিক তখনই ফিরে আসছে এক পুরনো ভয়—করোনাভাইরাস (Coronavirus)। কিছুদিন আগেও যে ভাইরাসকে অনেকেই ‘অতীত’ ভেবেছিলেন, তা আবারও যেন চুপিসারে থাবা বসাতে চাইছে বাংলায়। পথেঘাটে মানুষ মাস্ক ছাড়াই ঘুরছে, সামাজিক দূরত্বের বালাই নেই, অনেকেই কোভিডকে নিয়ে ভাবনাও ছেড়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই পালটে যাচ্ছে সেই ছবি। রাজ্যের আকাশে জমেছে উদ্বেগের মেঘ।

অনেকেই বলছেন, “আবার সেই লকডাউনের দিন ফিরে আসবে না তো?”—এই প্রশ্নই এখন উঠছে রাজ্যবাসীর মনে। দোকানপাটে, পাড়ার মোড়ে, কিংবা হাসপাতালের বাইরে—সব জায়গায়ই শুরু হয়েছে কানাঘুষো। কারণ, পরিসংখ্যান বলছে ভয়টা অমূলক নয়। স্বাস্থ্য ভবনের কর্তা-ব্যক্তিদের মুখেও শোনা যাচ্ছে উদ্বেগের সুর। ফলে আগাম সতর্কতা নিতে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৮৯ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২০৫-এ। গতকাল অবধি এই সংখ্যা ছিল মাত্র ১১৬ জন। অর্থাৎ মাত্র একদিনেই প্রায় দ্বিগুণ আক্রান্ত হয়েছেন মানুষ। যা নিঃসন্দেহে উদ্বেগের। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সেই কারণে রাজ্যের স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে SARI (Severe Acute Respiratory Illness) ও ILI (Influenza Like Illness) উপসর্গযুক্ত রোগীদের উপর বিশেষ নজরদারি চালাতে।

শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যেও ক্রমশ বাড়ছে সংক্রমণের সংখ্যা। কেরলের পরিস্থিতি সবচেয়ে চিন্তার। সেই রাজ্যে মাত্র ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮৯ জন। ফলে কেরলে মোট সংক্রমণের সংখ্যা গিয়ে ঠেকেছে ১,৩৩৯-এ। কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র, যেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪৬৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক হিসেব বলছে, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৯৫।

আরও পড়ুনঃ BJP : যশোরে মতুয়া সম্প্রদায়ের উপর হামলার পর তৎপর বিজেপি, বাংলাদেশ সফরে আসছেন শুভেন্দুর প্রতিনিধি দল

চিকিৎসকদের মতে, এখনও পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ নয় ঠিকই, তবে সতর্ক না হলে যে কোনও মুহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে। বর্তমানে বাংলায় মূলত তিনটি করোনা ভ্যারিয়েন্ট—JN.1, NB 1.8.1 ও LF.7 ছড়িয়ে পড়ছে। এই তিনটি ভ্যারিয়েন্টই ওমিক্রনের সাব-লিনিয়েজ, যা দ্রুত ছড়ালেও সাধারণত ভয়াবহ উপসর্গ তৈরি করে না। তবে অতিরিক্ত সংক্রমণ বৃদ্ধির ফলে বয়স্ক মানুষ এবং কো-মর্বিডিটির রোগীদের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। তাই আগাম পদক্ষেপ নিয়েই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে স্বাস্থ্য ভবন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles