‘সিবিআই কত কোটি পকেটে পুরেছে’, পার্থর বান্ধবীর ফ্ল্যাটে টাকা উদ্ধার প্রসঙ্গে ভরা সভায় বিস্ফোরক মন্তব্য দেবাংশুর

ভরা মঞ্চে দাঁড়িয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টাকা উদ্ধার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “সিবিআই (CBI) কত কোটি পকেটে পুরেছে। সেই টাকা বিজেপির ফান্ডে যাবে, পোস্টার পড়বে আপকিবার মোদী সরকার (Modi Government)”।

এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা ও কোটি কোটি টাকার সোনা। অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি। আপাতত প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে পার্থর।

পার্থর বান্ধবীর ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধারের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। শাসক দলের দিকে সুর চড়িয়েছে বিরোধীরা। এর জেরে বেশ অস্বস্তির মুখে মমতা সরকার। পার্থকে দল থেকে বহিষ্কার করলেও বিতর্ক কমেনি। এবার এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

হাওড়া ময়দানের একটি সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন দেবাংশু। বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে ৫০ কোটি পাওয়া গিয়েছে। আমরা জানি না, আদৌ কত কোটি পাওয়া গিয়েছে? সিবিআই কত কোটি পকেটে পুরেছে”? তাঁর দাবী, “ধরুন এমনও তো হতে পারে যে, ১০০ কোটি পাওয়া গিয়েছে। সিবিআই পঞ্চাশ কোটি পকেটে পুরেছে, আর টিভিতে বলেছে পঞ্চাশ কোটি। এই টাকাগুলো বিজেপির পার্টি ফান্ডে যাবে। ওই টাকা দিয়ে পোস্টার পড়বে, আপকিবার মোদী সরকার”।

এদিকে, গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর জেরে মুখ পুড়েছে তৃণমূলের। সূত্রের খবর অনুযায়ী, এই নিয়ে দলের ভাবমূর্তি ফেরানোর উদ্দেশ্যে গতকাল, শনিবার দলীয় বৈঠক সারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে তিনি বলেন, “ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে। যাঁরা ভালো দল করবে, দল তাঁদের বেশই করে কাজে লাগাবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনে আনতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে ভুল ভাঙাতে হবে”। তিনি এও পরামর্শ দেন যে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে অভিযোগ তুলে পাল্টা প্রচার করতে হবে।

আরও অন্যান্য খবর