এখনও জ্বলছে সন্দেশখালি। বারবার ক্ষোভ বর্ষণ করছেন স্থানীয়রা। এরই মধ্যে নতুন করে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে বেড়মজুরে। এই উত্তেজনার মাঝেই পুলিশের ‘ভুল’ স্বীকার করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, “ভুল হয়েছে। মানছি তো”।
গতকাল, শুক্রবার থেকেই উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর এলাকা। এলাকাবাসীরা হাতে ঝাঁটা, লাঠি নিয়ে বিক্ষোভ দেখান এদিন। জানা গিয়েছে, বেড়মজুর ১ এলাকায় শাহজাহানের ভাই সিরাজের আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবী, সিরাজ ও তাঁর দলবল নিজেরাই আগুন লাগিয়ে তাদের উপর দোষ চাপাচ্ছে। সেই প্রতিবাদেই বিক্ষোভ দেখান তারা।
এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিজি রাজীব কুমার ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এদিন আচমকাই ধরপাকড় শুরু করে পুলিশ। গ্রাম থেকে ২০ জনকে আটক করা হয়। এদের মধ্যে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও ছিল। এর প্রতিবাদেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের গাড়ি আটকাতে গাড়ির সামনে শুয়ে পড়েন তারা। তাদের আর্তনাদে হাহাকার করে ওঠে গোটা গ্রাম।
এদিন দফায় দফায় এলাকা পরিদর্শনে যান রাজীব কুমার। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেন যে ভুল হয়েছে। রাজীব কুমারের কথায়, “আইন নিজের হাতে নিলে আমরা গ্রেপ্তার করব। কেউ আইন অমান্য করেছেন মানে পালটা কেউ আইন নিজের হাতে নেবেন, তা হবে না”।
ভুল হয়েছে বলে স্বীকার করলেও আইন হাতে না তুলে নিতে তিনি সতর্ক করলেন এলাকাবাসীদের। আইন নিজের হাতে তুলে নিলে কী পরিণতি হতে চলেছে, তাও জানান তিনি। ডিজির কথায়, “কোনও অভিযোগ থাকলে আমাদের জানান। যা পদক্ষেপ করার আমরা করব”।
এই ঘটনায় এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারও বলেন, “এখানে প্রশাসনের শিবির বসেছে। জেলাশাসক রয়েছেন। তাঁরা আপনাদের সব অভিযোগ খতিয়ে দেখবেন। কিন্তু এভাবে বিক্ষোভ দেখাতে থাকলে গোটা প্রক্রিয়ায় দেরি হবে”।






