সন্দেশখালি নিয়ে উত্তেজনা দিনদিন বেড়েই চলেছে। এবার এই নিয়ে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে দিল্লি যাওয়ার আগে হুঙ্কার দিয়ে গেলেন, “সন্দেশখালি এখন দ্বিতীয় নন্দীগ্রাম’। এর আগে যদিও বিজেপি সাংসদ দিলীপ ঘোষও এমনই দাবী করেছেন। তবে তৃণমূলের আবার পাল্টা দাবী, ষড়যন্ত্র করেই এমন একই তত্ত্ব খাড়া করছেন বিজেপি নেতারা।
গতমাস থেকেই উত্তপ্ত সন্দেশখালি। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে শ্লী’ল’তা’হা’নি, নারী নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সন্দেশখালির মহিলারা। উত্তম ও শিবুকে গ্রেফতার করা হলেও এখনও অধরা শাহজাহান। তার গ্রেফতারির দাবী তোলা হয়েছে। এরই মধ্যে গতকাল, শুক্রবার আবার উত্তেজনা ছড়ায় সন্দেশখালির বেড়মজুর এলাকায়। সেখানে পুলিশ স্থানীয়দের ধরপাকড় শুরু করলে মহিলারা পুলিশ ভ্যানের সামনে শুয়ে প্রতিবাদ জানান। এই ঘটনা যেন নন্দীগ্রামের স্মৃতিই উস্কে দিচ্ছে বারবার।
আজ, শনিবার দিল্লি যাওয়ার পথে সন্দেশখালি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নন্দীগ্রামের তুলনা টানলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “নন্দীগ্রামে যা ছিল এখানে তার সবই আছে। ওখানে জমি দখলের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছিল। এখানে নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়। তারপরেই সামনে আসে জমি দখলের ছবিটা। আর যেটা নন্দীগ্রামে ছিল না, সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানকার মানুষ আর ভোট দিতে পারেননি। লোকসভা-বিধানসভার ভোটও দিতে পারেননি। কার্ড নিয়ে নেওয়া হত। ভোট-লুঠ, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে বশ্যতা বিরোধী সংগ্রাম শুরু হয়েছে সন্দেশখালিতে”।
এর আগে বিজেপি সাংসদ দিলীপ ঘোষও এমনই দাবী করেছিলেন। তিনি বলেছিলেন, “নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল। এটা দেখেও বহু মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাবেন। নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে। সাধারণ মানুষ নিজের হাতে ঝাণ্ডা তুলে প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছেন। তারা এখন কোনও রাজনৈতিক দলকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। মানুষকে নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে হচ্ছে”।
তবে এদিকে আবার তৃণমূলের পাল্টা দাবী, বিজেপি নেতারাই ষড়যন্ত্র করে সন্দেশখালিতে উত্তেজনার সৃষ্টি করছে। সন্দেশখালিকে নন্দীগ্রাম বানাতে চাইছে ওরাই। শুভেন্দু অধিকারী যেহেতু নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা, সেই কারণেই তিনি সন্দেশখালি নিয়ে বারবার নন্দীগ্রামের তুলনা টানছেন বলে দাবী ঘাসফুল শিবিরের।





