প্রার্থী তালিকাই ঘোষণা হয়নি এখনও, কিন্তু দেবের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল ঘাটালে, ফের বিতর্কে তৃণমূল সাংসদ

সামনেই লোকসভা নির্বাচন। তবে এখনও দলীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে নি কোনও দলই। দলের তরফে কোনও নাম ঘোষণার আগেই তৃণমূল তারকা সাংসদ দীপক অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। দলের সুপ্রিমোর উপর দিয়েই যাচ্ছে দলের কর্মীরা।

এর আগে পিংলায় এমন ঘটনা দেখা গিয়েছে। এবার ঘাটালের খড়ার পৌরসভার নানান ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু হল দেবের নামে। সেই লিখনে দেবকে ‘আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী’ বলেই উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগেও দেবের দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এবার দেবের প্রচারে কোমর বেঁধে নামল দলীয় কর্মীরা।

কী বলছে এই বিষয়ে তৃণমূল?     

এই দেওয়াল লিখন প্রসঙ্গে খড়ার শহর তৃনমূলের সভাপতি অরূপ রায় বলেন, “দেব প্রার্থী হচ্ছেন দলীয় ভাবে না ঘোষণা হলেও, প্রার্থী হচ্ছেন দেব, এই ভেবে অতি উৎসাহে আমাদের ছেলেরা ময়দানে নেমে পড়েছে। তবে আমি দেওয়াল ঘিরতে বলেছিলাম। ওরা যে লেখা শুরু করে দেবে দেবের নামে, এটা জানি না”।

এই ঘটনা প্রসঙ্গে খড়ারের বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায় বলেন, “আমরাও দেওয়াল লিখন শুরু করেছি, তবে ওদের মতো উৎশৃঙ্খলভাবে নয়, এখন খড়ারে তৃণমূলের তিনটি গোষ্ঠী। কোন গোষ্ঠী দেবের নাম লিখে দেবের কাছাকাছি পৌঁছতে পারবে, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। কারণ যে গোষ্ঠী দেবের কাছে পৌঁছতে পারবে, সেই গোষ্ঠী পার্সেন্টেজ বেশি পাবে”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবের দলে থাকা নিয়ে তৈরি হয় বিতর্ক। দেব হয়ত তৃণমূল ছাড়তে পারেন, এমন গুঞ্জনই উঠেছিল। বিতর্কের সূত্রপাত যখন দেব ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন।

এরপর আবার লোকসভা নির্বাচনের আগে সংসদে শেষ অধিবেশনে দেব জানিয়েছিলেন সেদিনই তাঁর সংসদে শেষ দিন। এর ফলে সকলেই মনে করেছিলেন যে দেব হয়ত সাংসদ পদ ছাড়তে চলেছেন। এরপর ক্যামাক স্ট্রীটে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। সাক্ষাৎ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। এরপরই শোনা যায়, দেব দলেই থাকছেন আর ঘাটালের প্রার্থীও হবেন। যদিও তা এখন অফিশিয়ালি ঘোষণা হয়নি। কিন্তু এর আগেই তাঁকে নিয়ে দেওয়াল লিখন শুরু হয়ে গেল ঘাটালে।  

RELATED Articles