বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আজ পাঁচ বছর পূর্ণ করলেন দিলীপ ঘোষ। এদিন সকালেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে সমর্থকদের দেওয়া কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করলেন তিনি। তবে এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারকে তীর বিঁধতেও পিছপা হন নি তিনি। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়েই শাসকদলকে তোপ দাগলেন তিনি।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই দিলীপ ঘোষ বলেন, “দিদি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবে, কিন্তু এখনও একটু বৃষ্টি হলেই কলেজ স্ট্রীটে এক কোমর জল দাঁড়িয়ে যায়। রাস্তাঘাট সব ওদের দখলে। টাকা নুয়ে বড় বড় দোকানের সামনে হকার বসিয়েছে তৃণমূল। সেই থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি খান তৃণমূলের নেতারা”।

এদিন ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়েও শাসকদলকে তোপ দাগেন তিনি। বলেন, “গত নয় বছরে রাজ্য সরকারের মানুষকে পরিষেবা দেওয়ার কথা মনে হয়নি। এত বছরে কিছু না করলে, ভোটের আগে এই দু’মাসে আট কী করবে?” এদিন ভোটকুশলী প্রশান্ত কিশোরের দিকে তীর বেঁধে দিলীপবাবু বলেন এই ‘দুয়ারে সরকার’ প্রকল্প আসলে পিকে সংস্থার ফোন নম্বর জোগাড়ের ফন্দী। তিনি দাবী করেন পিকে সংস্থা এই সমস্ত ফোন নম্বর জোগাড় করে তিনি ভোটপ্রচারে কাজে লাগাবেন।
এদিনের অনুষ্ঠানে তিনি সাধারণ মানুষকে এই প্রকল্পে যোগ না দেওয়ার পরামর্শও দেন। আরও বলেন, “ভোট যখনই হোক না কেন, বিজেপি তৈরি”।

উল্লেখ্য, ২০২১-এর নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। বাংলা দখলের আশায় বেশ জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারা। এদিকে, নিজের গদি টিকিয়ে রাখতে নিজের মতো করে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসকদলও। নির্বাচন কাছে আসার সঙ্গে সঙ্গেই ক্রমশ স্পষ্ট হচ্ছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।





