নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু’বছর হতে চলল জেলবন্দি তিনি। এরই মাঝে এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের আরও এক মন্ত্রীর। গতকাল, শুক্রবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা হানা দেয় ইডি। তাঁর বোলপুরের নিচুপট্টির বাড়িতে ১৪ ঘণ্টা চলে তল্লাশি।
এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৫১ কোটি টাকা। আর এবারও কিছুটা তেমনই ঘটল। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, তেমনটাই খবর। এই বিপুল পরিমাণ টাকা কেন বাড়িতে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরি থেকে মিলেছে চন্দ্রনাথ সিনহার। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা পেয়েছিলেন তদন্তকারীরা। সেই তালিকার ভিত্তিতে পৃথকভাবে কুন্তলকে জেরা করে ইডি ও সিবিআই। ইডি-র দাবি, কুন্তলের মুখেই নাম উঠে আসে চন্দ্রনাথ সিনহার।
ইডি সূত্রে খবর, চন্দ্রনাথ সিনহা কুন্তলের এজেন্ট হিসেবে কাজ করতেন। নানান জায়গা থেকে কুন্তলের কাছে চাকরিপ্রার্থীদের নাম পাঠানো হত। এই নাম পাঠানোর ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হত কী না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, শুধুমাত্র টাকাই নয়, মন্ত্রীর বাড়ি থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত অনেক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি হাইকোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে নথি জমা দিয়েছিল, তাতে চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে খবর।





