আজ, বৃহস্পতিবার সকালে ফের একবার তৎপর হল ইডি। শহরের একাধিক জায়গায় এদিন হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকাল ৬টা থেকে শহরের ৬টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া ও পরে জামিন পাওয়া মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি। এছাড়াও তদন্তকারীরা তল্লাশি অভিযানে গিয়েছেন প্রসন্ন রায়ের সহকারী প্রদীপ সিংহের বাড়িতেও।
প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল ইডি। নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে কাজ করতেন প্রসন্ন, এমনটাই অভিযোগ ওঠে। ইডি সূত্রে খবর, তার বাড়ি থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গিয়েছিল। চাকরি বিক্রির মিডলম্যান হিসেবে কাজ করতেন প্রসন্ন। তবে পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পান প্রসন্ন। তবে এবার ফের তাঁর বাড়িতে তল্লাশি অভিযান ইডির।
ইডি সূত্রে খবর, প্রসন্ন রায়ের ৪০০টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির উৎস কী, তা জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। সেই কারণেই এদিন সকাল থেকেই নিউটাউন বলাকা আবাসনের দুটি বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার আইডিয়াল ভিলা-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। প্রসন্ন রায়ের নিউটাউনের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।
নিয়োগ দুর্নীতির তদন্তের জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। সেই বেঞ্চেই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দ্রুত তদন্ত শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে। এই মামলায় ইতিমধ্যেই সিবিআই ও ইডি চার্জশিট পেশ করেছে।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক আপাতত নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী, এই নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানদের অন্যতম ভূমিকা ছিল। আর এই মিডলম্যানদের মধ্যে অন্যতম প্রসন্ন রায়। সেই কারণেই ফের এই তল্লাশি।






