আর জি কর আবহে যখন দিকে দিকে চলছে প্রতিবাদ, উঠছে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন, সেই সময় ফের এক মহিলা স্বাস্থ্যকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। এমন ঘটনায় কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের ফান্দাইত পাড়া সুস্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে, কয়েকমাস আগেই চাকরি পেয়ে ওই স্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার পদে যোগ দেন জলপাইগুড়ি শহরের বছর বাইশের এক তরুণী। গতকাল, মঙ্গলবার ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন আয়ুব আলি নামের বছর ৭১-এর এক বৃদ্ধ। রক্তচাপ মাপার অছিলায় স্বাস্থ্যকেন্দ্রে যান তিনি। সেই সময় স্বাস্থ্যকেন্দ্র ফাঁকাই ছিল। অভিযোগ, ওই বৃদ্ধ মহিলা স্বাস্থ্যকর্মীর হাত চেপে ধরেন। শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি।
এমন ঘটনায় চিৎকার করে ওঠেন ওই মহিলা স্বাস্থ্যকর্মী। প্রতিবেশীরা ছুটে আসেন। গ্রামবাসীদের অভিযোগ, এই বৃদ্ধ নাকি এমন কুকীর্তি আগেও করেছেন। খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ গ্রেফতার করে ওই বৃদ্ধকে। আজ, বুধবার তাকে আদালতে তোলা হবে বলে খবর। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তরুণী পরিবারের তরফে। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
মহিলা স্বাস্থ্য়কর্মীর মামা বলেন, “এই ঘটনা শুনে আমরা স্তম্ভিত হয়ে যাই। আমরা গ্রামে যাই। গিয়ে দেখি নতুন তৈরি হচ্ছে হেলথ সেন্টার। সেখানে বিদ্যুৎ সংযোগ নেই। নেই সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার কোনও ব্যাবস্থা নেই। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবী জানাচ্ছি। একই সঙ্গে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি”।
এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খণ্ড বহালে জানান, “মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে আয়ুব আলিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে”।





