দেশ জুড়ে বাড়ছে করোনা। একাধিক রাজ্যে হচ্ছে লকডাউন। বাংলায় পরিস্থিতির যথেষ্ট খারাপ। বিধানসভা নির্বাচনকে ঘিরে বড় সভা-সমিতি, বিপুল লোকের জমায়েত গ্রাস করছে করোনা আতঙ্ক। ভোট-পরবর্তী বাংলার করোনা পরিস্থিতির ছবিটা কেমন দাঁড়াবে তা ভেবেই শিউরে উঠছেন অনেকে।
ইতিমধ্যেই বাম শিবির করোনার ভয়াবহতাকে মাথায় রেখে বড় সমাবেশ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে আজ নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকের বসে পশ্চিমবঙ্গের স্বীকৃত রাজনৈতিক দলগুলি। সেই বৈঠকে কোনও সঠিক রাস্তা না বেরোলেও রাজ্যে কোভিড সংক্রমণের জেরে ভোটের প্রচারে রাশ টানল নির্বাচন কমিশন। সন্ধে ৭টা থেকে সকাল ১০ পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি রাখা যাবে না বলে নির্দেশিকা জারি হল। এর পাশাপাশি বাকি ৩ দফার ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। বিধি অনুযায়ী ব্যবধান থাকে ৪৮ ঘণ্টার।
উল্লেখ্য করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তবে বাহিনী পর্যাপ্ত না থাকায় তা সম্ভব নয় বলে গতকালই জানিয়েছিল কমিশন। দফা না কমালেও করোনার মোকাবিলা প্রচারে কাঁটছাট করা হল। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রচার করতে পারবে না রাজনৈতিক দলগুলি।





