WB Election 2021: অপেক্ষা ১৮ই ফেব্রুয়ারি’র! তারপর‌ই রাজ্যে ভোট ঘোষণা, জানালো নির্বাচন কমিশন

১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা বা তারপর যেকোন‌ও দিন রাজ্যে ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। বাংলা এবং অসমের ভোটের জন্য‌ও সবরকম প্রস্তুতি সারা হয়ে গেলেও, দক্ষিণের দুই রাজ্যে এখনও প্রস্তুতি খতিয়ে দেখতে পারেনি কমিশন। সেজন্যই ভোট ঘোষণার জন্য ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত এই অপেক্ষা।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলা এবং অসম ঘুরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার ও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

একইসঙ্গে পড়শি দুই রাজ্যের সমস্ত জেলাশাসক, প্রশাসনিক কর্তা এবং রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকরা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিহার মডেল অনুসরণ করে রাজ্যে বাড়ানো হয়েছে নির্বাচনী বুথের সংখ্যা।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আধিকারিকদের সঙ্গে কথা বলে গিয়ে ভোটের নিরাপত্তা নিয়ে দিল্লিতে পর্যালোচনা বৈঠকও সেরে ফেলেছে কমিশন। এক কথায়, উত্তরপূর্বের দুই রাজ্যের নির্বাচনের সমস্ত প্রস্তুতিই মোটামুটি সারা। কিন্তু দক্ষিণের দুই রাজ্যের ক্ষেত্রে এমনটা বলা যাচ্ছে না। এখনও কেরল বা তামিলনাড়ু কোনও রাজ্যেই ভোট প্রস্তুতি পুরোপুরি খতিয়ে দেখতে পারেনি নির্বাচন কমিশন।

কিন্তু, ৫ রাজ্যেই একসঙ্গে ভোট ঘোষণা হওয়াটাই দস্তুর। তাই দক্ষিণের দুই রাজ্যের ভোটপ্রস্তুতি খতিয়ে না দেখে বাংলা বা অসমের ভোট ঘোষণা করা সম্ভব নয়।

আর সেই কারণেই ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামী ১১ ও ১২ তারিখ যাচ্ছে তামিলনাড়ু, ১৩ এবং ১৪ তারিখ কেরলে। ১৫ তারিখ দিল্লি ফিরে এই দুই রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবে কমিশন। যা হতে পারে ১৬ ফেব্রুয়ারি। সূত্রের খবর, এই পর্যালোচনা বৈঠকের পর হাতে এক-দু’দিন রাখতে চায় কমিশন। তারপরই ঘোষণা করা হতে পারে নির্বাচনের দিন তারিখ। সেক্ষেত্রে ১৮ ফেব্রুয়ারি বা তার পর যে কোনও দিন ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। 

RELATED Articles