একে করোনায় রক্ষা নেই দোসর ঘূর্ণিঝড় ‘যশ’। আর এবার ঘূর্ণিঝড় আমফানের বর্ষপূর্তিতে রাজ্যে হামলা চালাতে চলেছে ঘূর্ণিঝড় “যশ”। ক’দিন আগেই গুজরাট ও মহারাষ্ট্রে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় তাওকতে। আর এবার যশের ধাক্কায় লন্ডভন্ড হতে চলেছে ওড়িশা ও বাংলা। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল বাংলাদেশের কাছাকাছি সুন্দরবন না ওড়িশার নিকটস্থ মেদিনীপুরে হবে তা জানা না গেলেও শক্তিতে আমফানের চেয়ে কোনও অংশেই কম নয় যশ।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন জে পি নাড্ডা, করোনায় অনাথদের দায়িত্ব নিতে হবে সরকারকে!
এর মধ্যেই বাংলায় আগত পরিস্থিতির কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে জরুরী বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবাও। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বার্তা দেন সাধারণ মানুষের কাছে পৌঁছনোর, ভরসা জোগানোর ও তাঁদের সময় মতো নিরাপদ স্থানে নিয়ে আসার।
বাংলা ও ওড়িশার বিপর্যয় মোকাবিলা নিয়ে এদিনের বৈঠকে মোকাবিলা দফতর ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও টেলিকম দফতরের আধিকারিকরা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৫টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে আরও ২০টি দল।
আবহাওয়া দফতরের নির্দেশ অনুযায়ী বাংলাদেশে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিএসএফ। সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।





