কলকাতায় নাশকতার ছক? আসবাবপত্রের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে অস্ত্র কারখানা, উদ্ধার পিস্তল-বন্দুক সহ নানান সরঞ্জাম

আসবাবপত্রের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে বেআইনি অস্ত্রের কারখানা। বুদ্ধগয়ার তল্লাশি চালিয়ে এই অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বিহার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুদ্ধগয়ায় ‘বাবা ফার্নিচার’ নামের এক আসবাবপত্রের দোকানের আড়ালে জমে উঠেছিল বেআইনিভাবে অস্ত্র তৈরির কারবার। এই দোকানের মালিকের নাম মুকেশ কুমার। বয়স বছর চল্লিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, বৃহস্পতিবার কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশ যৌথ অভিযান চালায় বুদ্ধগয়ায়। তল্লাশির সময়ই ওই দোকানের পিছনের দিকে একটি অস্ত্র তৈরির কারখানা পান আধিকারিকরা। এই ঘটনায় মুঙ্গেরের দুই বাসিন্দা বীরু কুমরা ও আনোয়ার খানকে আটক করেছে পুলিশ। তবে দোকানের মালিক এখনও পলাতক।

ওই বেআইনি ওই অস্ত্র কারখানা থেকে পিস্তল তৈরির বিভিন্ন সরঞ্জাম, লেদ, কাটিং মেশিন, গ্রাইন্ডিং ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে দেশি পিস্তল ও বন্দুকের পাশাপাশি প্রচুর অত্যাধুনিক পিস্তলও।

উল্লেখ্য, সম্প্রতি বাংলায় নানান খু’ন ও ডাকাতির ঘটনায় বারবার নাম জড়িয়েছে বিহার ও ঝাড়খণ্ডের। অস্ত্রপাচার সংক্রান্ত অনেক ঘটনাতেও কিছু তথ্য পেয়েছিল পুলিশ। সেই সূত্র ধরেই তল্লাশি চালানো হয় বুদ্ধগয়ায়। এই অস্ত্র কারখানার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কী না, এই কারখানার জাল কতটা বিস্তৃত, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

RELATED Articles