‘৪২ দিন পর চেতনা ফিরল’, মৃত ছাত্রনেতা আনিস খানের গ্রামে ঢুকতেই বের করে দেওয়া হল ফিরহাদ হাকিমকে, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

জনতার বিক্ষোভের মুখে পড়ে মৃত ছাত্রনেতা আনিস খানের আমতার গ্রামের বাড়িতে ঢুকতেই পারলেন না রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন আনিস খানের গ্রামে পৌঁছতেই ফিরহাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। উঠতে থাকে ‘গো ব্যাক’ স্লোগান। রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এর জেরে ফিরে আসতে বাধ্য হন ফিরহাদ হাকিম। তাঁকে ব্যারিকেড দিয়ে ঘিরে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনায় ফিরহাদ হাকিমের দাবী, “পরিকল্পনা করে বহিরাগত বিক্ষোভ। আনিসের বাবার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু তাঁর শরীর ভাল নেই, তাই ফিরে এসেছি”। আজ, শুক্রবার বিকেলে আনিস খানের গ্রামে যান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়। কিন্তু তাদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

এদিন মন্ত্রীর উদ্দেশে তাঁরা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আমরা তো ডাকিনি। কেন এসেছেন? ৪২ দিন পর চেতনা ফিরল”। স্থানীয়দের দাবী, “আনিসের বাবার মতোই আমরাও সিবিআই তদন্তই চাইছি”।

উল্লেখ্য, আজ, শুক্রবার দুপুরে মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আনিসের বাবা সালেম খানের সঙ্গে তাঁর কথাও হয় তাঁর। এরপর দুপুরে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী গিয়ে আনিস খানের বাবার সঙ্গে কথা বলেন।

এদিন আনিসের আত্মার শান্তি কামনা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুধু আনিসের গ্রামের লোকেরাই নয়, আশেপাশের গ্রাম থেকেই কয়েক হাজার লোক হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে  সমস্ত আচার-বিচার। এরপর বিকেলের দিকে ফিরহাদ হাকিম যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

ওই এলাকায় এদিন পুলিশের বিশাল বাহিনী মোতায়েন ছিল বটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরও বেশ বেগ পেতে হয়। ফিরহাদ হাকিমকে দেখেই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। আনিসের মৃত্যুর ৪২ দিন কেটে গেলেও কেন এখন তদন্ত প্রক্রিয়া শেষ হল না, এ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তারা।

RELATED Articles