‘মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক’, দাবী বিজেপি বিধায়কের, ‘ওঁর বাবার দেশ নাকি ভারত…’, পাল্টা আক্রমণ ফিরহাদের

বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। হিন্দুদের উপর নির্যাতন সে দেশে যেন কমার নয়। ভারত-সহ নানান দেশের তরফে ওরা বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে। কিন্তু তা সত্ত্বেও সেই সরকার এই বিষয়ে উদাসীন। এরই মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে আরও জ্বলে উঠেছে বাংলাদেশ। সেই আঁচ ছড়িয়েছে এপার বাংলাতেও। এবার এই ইস্যু নিয়ে এক বিস্ফোরক দাবী করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার।    

আজ, বুধবার বিধানসভায় বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এক বিস্ফোরক দাবী করেন অসীম সরকার। এদেশের সব মুসলিমদের বাংলাদেশ পাঠিয়ে দিতে চান তিনি। বিজেপি বিধায়কের কথায়, “কেন্দ্রীয় সরকারের কাছে আমি আর্জি জানাব যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশের সব হিন্দুদের এদেশে নিয়ে আসা হয়। অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে এনআরসি অত্যন্ত প্রয়োজন। সারা ভারতে এটি কার্যকর করতেই হবে। বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের অসুবিধা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে নিয়ে আসা। আর এখানের মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া”।

এদিন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ শানান। তাঁর কথায়, “কমপক্ষে ১৭ হাজার মৌলবী এদেশে কাজ করছেন। বাংলাদেশ থেকে উগ্রপন্থীদের এখানে পাঠাচ্ছে। তারা আবার দেশের নানা রাজ্যে লাভ–জিহাদ ছড়াচ্ছে”। বিজেপি বিধায়কের মতে, এসব কিছু জেনেও না জানার ভান করে রয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট বাক্সের জন্যই মুখ্যমন্ত্রী এই বিষয়ে নীরব থাকেন বলে দাবী অসীম সরকারের।

বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “অসীম সরকারের বাবার দেশ নয় ভারতবর্ষ। কেন্দ্রীয় সরকার চাইলেই এসব করতে পারে না। কারণ সংবিধানে তা বলা নেই। যে দেশই হোক সব জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের। আর বাংলাদেশে যা হচ্ছে তার প্রতিবাদ বাংলাও করছে। যা ঘটছে তা লজ্জাজনক”।

আরও পড়ুনঃ ‘যারা ভারতের পতাকায় পা দিয়েছে, তাদের শুধু খাওয়া নয়, সব বন্ধ করে দেব…’, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর 

ফিরহাদ হাকিমের মতে, “বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে এখন কোনও সরকারই নেই। আর মহম্মদ ইউনুসের ক্ষমতা নেই কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার”।

RELATED Articles