সুপ্রিম কোর্টে নয়, কলকাতা হাইকোর্টেই নারদ মামলার পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত চার নেতামন্ত্রীরা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। হাইকোর্টে নেতামন্ত্রীদের সেই আর্জি গ্রহণ করা হলেও এই মামলার শুনানি একেবারে আগামীকাল, বুধবারই হবে বলে জানিয়েছে হাইকোর্ট।
এর ফলে রাতেও মুক্তি পাচ্ছেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তবে এঁদের মধ্যে শুরু ফিরহাদকেই থাকতে হবে প্রেসিডেন্সি জেলে। কারণ বাকী তিনজন শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন- একপক্ষ শুনানির সম্ভাবনা নাকোচ করতে উদ্যোগী সিবিআই, নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল
এদিকে, রাজভবনের সামনে ভেড়া নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানান এক ব্যক্তি। আজ, মঙ্গলবার দুপুরে একপাল ভেড়া নিয়ে রাজভবনের গেটের সামনে চলে আসেন তিনি। তাঁর অভিযোগ, করোনাভাইরাসের মধ্যেও বাংলায় ‘নোংরা’ রাজনীতি চলছে। হিংসা চলছে। তাতে নীরব রাজ্যপাল জগদীপ ধনখড়।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে নয়, আপাতত হাইকোর্টেই নারদ মামলা লড়ার পক্ষপাতী রাজ্য
বলে রাখি, গতকাল, সোমবার সকালে নারদ মামলায় পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। বিকেলে নিম্ন আদালত থেকে জামিন পান তাঁরা। কিন্তু গতকাল রাতেই হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এরপর হাইকোর্ট এই চার নেতামন্ত্রীর জামিনে বুধবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করে। এর ফলে রাতে জেলেই কাটাতে হয় এই চার প্রভাবশালী নেতামন্ত্রীদের।





