একপক্ষ শুনানির সম্ভাবনা নাকোচ করতে উদ্যোগী সিবিআই, নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল

নারদ মামলায় ৪ নেতামন্ত্রীকে কোনওভাবেই রেয়াত করতে রাজী নয় সিবিআই। এই কারণে হাইকোর্টের তাদের জামিনের উপর স্থগিতাদেশ আদায়ের পর এবার সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কোনওভাবেই যাতে একতরফা শুনানির পরিস্থিতি তৈরি না হয়, এই কারণে আগেভাগেই সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। একপক্ষের শুনানির যে কোনও পরিস্থিতি আসতে পাড়ে তা বুঝতে পেরেই সিবিআই এমনটা করেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে নয়, আপাতত হাইকোর্টেই নারদ মামলা লড়ার পক্ষপাতী রাজ্য 

গতকাল, সোমবার সকালে নারদ মামলায় পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। বিকেলে নিম্ন আদালত থেকে জামিন পান তাঁরা। কিন্তু গতকাল রাতেই হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এরপর হাইকোর্ট এই চার নেতামন্ত্রীর জামিনে বুধবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করে। এর ফলে রাতে জেলেই কাটাতে হয় এই চার প্রভাবশালী নেতামন্ত্রীদের।

হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা সুপ্রিম কোর্টে যেতে পারে এই অনুমান থেকে সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। ফলে এই মামলায় সিবিআইয়ের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট আর কোনও রায় দিতে পারবে না।

আরও পড়ুন- রাজ্যপালকে অপসারণের দাবী মমতার, চিঠি দিচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে

আইনজ্ঞদের মতে, সিবিআই যে তৎপরতা  নিয়ে এগোচ্ছে, তাতে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে তারা সব প্রস্তুতি নিয়েই ময়দানে নেমেছে। এদিকে, আজ, মঙ্গলবার জামিনের স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্তরা। যদিও সুব্রত, শোভন ও মদনকে অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার এই মামলার শুনানি হবে। এদিনও যদি তাদের জামিন খারিজ হয়ে যায়, তাহলে অভিযুক্তরা যাবেন সুপ্রিম কোর্টে।

RELATED Articles