দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বারবার সরব হয়েছেন তিনি। আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও দলের দুর্নীতির প্রতিবাদে ছেড়েছেন রাজ্যসভার সাংসদের পদও। জুনিয়র চিকিৎসকদের মিছিলে যোগ দিয়ে ন্যায় বিচারের দাবীতে গলা মিলিয়েছেন। এবার তৃণমূলত্যাগী সেই জহর সরকার বিশেষ আবেদন জানালেন জুনিয়র চিকিৎসকদের।
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি জানালেন জহর সরকার। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “প্রিয় জুনিয়র ডাক্তার। আমি এমপি পদ থেকে ইস্তফা দিয়েছি তোমাদের পাশে ও মহিলাদের পাশে থাকব বলে যারা লড়াই করছেন। যারা সুরক্ষা ও সম্মানের জন্য লড়াই করছেন। সেই সঙ্গেই সেই নাগরিকদের পাশে থাকতে চাই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। কিন্তু আপনারা কাজ থেকে দূরে থাকবেন না ও মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলবেন না”।
My sincere appeal — to junior doctors in West Bengal. pic.twitter.com/DpaF7UJIXR
— Jawhar Sircar (@jawharsircar) October 2, 2024
দলে দুর্নীতি ও আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। ইস্তফা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধায়লে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, “মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি”।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোনও করেছিলেন যাতে তিনি ইস্তফা না দেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন জহর সরকার। শেষ পর্যন্ত তৃণমূল ছাড়েন তিনি। গতকাল, মঙ্গলবার যোগ দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের মিছিলে। এবার তাদের কাজে ফেরার আবেদন জানালেন জহর সরকার। জুনিয়র চিকিৎসকরা সেই আবেদনে সড়া দেন কী না, তা দেখার!
বলে রাখি, দ্বিতীয়বারের জন্য পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। আগে সরকার তাদের কিছু মেনে নেওয়ায় আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন তারা। জরুরি পরিষেবার কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু ফের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়। সেই ঘটনার পর স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তারা ঘোষণাই করেছিলেন, সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে পূর্ণ কর্মবিরতির ডাক দেবেন তারা। হলও তেমন। গতকাল, মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতি করছেন জুনিয়র চিকিৎসকরা। এবার তাদের কাজে ফেরার আর্জি জানালেন প্রাক্তন সাংসদ জহর সরকার।





