হেঁশেলে লাগবে আগুন, লাগামছাড়া হবে আলুর দাম, নাটের শুরু অকাল বৃষ্টি

আগস্টে হয়েছিল এমনটা। এবার ফের সেই একই পরিস্থিতি ডিসেম্বরেও। অকাল বৃষ্টির জেরে ফের হু হু করে দাম বাড়বে আলুর। পাইকারি বিক্রেতারা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই খুচরো বাজারে ফের মহার্ঘ হতে চলেছে আলু।

কত টাকা বাড়বে আলুর দাম?

এখন খুচরো বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ থেকে ২৭ টাকায়। আর জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। কিন্তু আর কিছুদিনের মধ্যেই বেড়ে যাবে এই দাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন, দু’ধরণের আলুর দামই কেজি প্রতি ৬ থেকে ৮ টাকা বাড়বে। আগামী একমাসে সেই দাম কমার কোনও আশা দেখছেন না ব্যবসায়ীরা।

কিন্তু হঠাৎ কেন বাড়বে এই দাম?

ব্যবসায়ীদের কথায়, এর নেপথ্যে কারণ হল অগ্রহায়ণ মাসে অকাল বৃষ্টি। এই অকাল বৃষ্টির জেরেই বিঘার পর বিঘা জমির আলুর বীজ নষ্ট হয়ে গিয়েছে। এর জেরে আগামী দিনে আলুর উৎপাদনে ঘাটতি হবে। আর হিমঘরে যে আলু রয়েছে, তা এখনই বের করতে চাইছেন না অনেকেই। ফলে বাজারে ঘাটতি হবে আলুর। এর জেরেই চড়চড়িয়ে বাড়বে দাম।  

 এমন পরিস্থিতির জন্য হাওয়া অফিসকে দুষছেন চাষিরা। তাদের বক্তব্য, আবহাওয়া দফতরের ভুল পূর্বাভাসের চাষিদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে রাজ্যে অল্প থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই কারণে চাষিরা আলুর বীজ বসিয়েছিলেন। কিন্তু ভারী বৃষ্টি হওয়ায় সেই সব বীজ নষ্ট হয়ে গিয়েছে। চাষিদের অনেকেই ঋণ নিয়ে আলু বীজ বসিয়েছিলেন। তারা ব্যাঙ্কের ঋণ মুকুব করে দেওয়ার জন্য সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন।

এদিকে, আলুর দাম বৃদ্ধি হবে শুনেই মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়েছে। যে কোনও রান্নাতেই আলু একটু না হলে নয়। শীতকালে নতুন আলু ওঠার পর দাম কমে। কিন্তু এবার দাম কমার জায়গায় দাম বেড়ে যাবে। এর জেরে বেশ চিন্তায় আমজনতা। এমন অকাল বৃষ্টির কারণে অনেক সবজিও নষ্ট হয়ে গিয়েছে। ফলে শীতকালীন সবজির দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles