ভয়াবহ পরিস্থিতি, করোনা মোকাবিলার জন্য কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য, জানতে চেয়ে টুইট রাজ্যপালের

রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ানক। এই অবস্থায় রাজ্য ও প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চেয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন, “কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। এই কোভিড চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে মুখ্যসচিবের কাছে তা জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছি। সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে এই পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছে আবেদন জানান”।

এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যের পদস্থ কর্তারা কী ব্যবস্থা গ্রহণ করছেন, তা জানতে চান রাজ্যপাল। এছাড়াও, আরও দুটি প্রস্তাব পেশ করেন তিনি। মুখ্যসচিবকে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারি হাসপাতালের সিইও ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে তাঁর উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং করার বার্তাও দেন তিনি। অন্য একটি টুইটে তিনি বার্তা দেন যে রাজ্যের জারি করা করোনার নতুন গাইডলাইনগুলি যাতে কঠোরভাবে পালন করা হয়।

আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও 

রাজ্যে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতির জেরে রাজ্য সরকার বেশ কয়েকদফা নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। যেখানে সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংগঠনে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী উপস্থিতিতে কাজ করতে বলা হয়েছে। বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানের কাজে বার্তা দেওয়া হয়েছে, যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম কর্মপদ্ধতি ফেরানোর জন্য। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ববিধি পালন সহ একাধিক একান্ত প্রয়োজনীয় কোভিডবিধি যাতে কঠোরভাবে পালন করা হয় সেটা নিশ্চিত করতেও বলা হয়েছে।

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই কামড় বসাতে শুরু করেছে। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন অংশের পরিস্থিতির উপর নজর রাখার জন্য নোডাল আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফের সমস্ত হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে করোনার রোগীদের জন্য বেড সংখ্যা বাড়ায়। গতবছর করোনার প্রথম ঢেউয়ের সময় যা বেড ছিল, এখন এর চেয়েও বেশি সংখ্যক বেড তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- পুলিশের সঙ্গে গুণ্ডাদের পুরনো সম্পর্ক, ভোট পরবর্তী পর্যায়ে হিংসা নিয়ে পুলিশকে কটাক্ষ দিলীপের

উল্লেখ্য, গতকাল, শনিবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজ্যের করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন। মৃত্যু হয় ৩৪ জনের। একধাক্কায় ৪ হাজার ২৫৩ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৫ হাজার ৩০০ জনে। 

RELATED Articles