আর জি কর কাণ্ড নিয়ে অমিত শাহ্‌’র সঙ্গে বৈঠক রাজ্যপালের, কী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী? কোনও পদক্ষেপ করবে কেন্দ্র?

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য-সহ গোটা দেশ। ন্যায় বিচারের দাবীতে সরব সকল স্তরের মানুষ। সিবিআই তদন্ত করছে এই মামলার। এমন আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর জি কর কাণ্ডে কী কোনও পদক্ষেপ করবে কেন্দ্র?

আর জি করের সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। এই ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠোর শাস্তির দাবী উঠেছে। এরই মধ্যে গত ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই মিছিলের উপর অত্যাচার চালায় পুলিশ। জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়। এর জেরে রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা ও হাওড়া।

এমন পরিস্থিতিতে এবার কেন্দ্রে রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিলেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে দেখা করতে গতকাল, বৃহস্পতিবার দিল্লি যান সি বি আনন্দ বোস। এরপর আজ, শুক্রবার বৈঠক করেন অমিত শাহ্‌’র সঙ্গে। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও আর জি করের ঘটনা ও রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যপাল।

বলে রাখি, দু’দিন আগেই আর জি করের ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়ে কঠিন প্রতিক্রিয়া জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবাদ সংস্থা পিটিআই দেওয়া বিবৃতিতে আর জি কর নিয়ে তিনি জানান,  “যথেষ্ট হয়েছে। কোনও সভ্য সমাজই মা-বোনদের উপর হওয়া এমন নির্যাতন মেনে নেবে না। সৎ, নিরপেক্ষ মানুষের প্রয়োজন সমাজের যিনি নিজেকেই কঠিন প্রশ্নের মুখে ফেলতে পারবেন”।

নানান রাজনৈতিক নেতারাই এই ঘটনার সঙ্গে যুক্ত দোষী বা দোষীদের কঠোর শাস্তির দাবী করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকের ফাঁসির দাবী তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন দোষীদের ও দোষীদের সাহায্যকারীদের রেয়াত করা হবে না। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল। এবার এই ঘটনায় কেন্দ্র কোনও পদক্ষেপ করে কী না, সেটাই দেখার।

আরও পড়ুনঃ নবান্ন অভিযানের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের অত্যাচার, সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন, এবার পুলিশ কমিশনারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

উল্লেখ্য, আর জি করের ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে ২০ দিন কেটে যাওয়ার পরও কোনও সূত্র মেলেনি। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠছে নানান মহলে। কবে এই মামলার জট খুলবে, এখন সেই অপেক্ষাতেই দেশ!

RELATED Articles