আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-সহ গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে চলছে বিক্ষোভ-আন্দোলন। সহকর্মীর ন্যায় বিচারের জন্য লড়ছেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি চলছে মেডিক্যাল কলেজে। এবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবীতে লালবাজার অভিযানের ডাক দিলেন তারা।
পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে প্রথম থেকেই নানান অভিযোগ উঠে এসেছে। তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সেমিনার রুমে দেখা গিয়েছিল থিকথিকে ভিড়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ থাকা সত্ত্বেও কেন এভাবে ভিড় ছিল অকুস্থলে, তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন।
এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ভিডিও নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে ৫১ ফুটের সেমিনার রুমে ৪০ ফুট সাদা কাপড় দিয়ে কর্ডন করা ছিল। বাকি ১১ ফুটের মধ্যে বাকিরা ছিলেন। কোনও বহিরাগত ছিলেন না বলেই দাবী করেন তিনি। কিন্তু নির্যাতিতার মা-বাবা জানান, তারা যখন সেমিনার রুমে যান, তখন কব সাদা কাপড় ছিল না। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন।
তাছাড়া, মহিলা দের রাত দখলের কর্মসূচির রাতে অর্থাৎ ১৪ আগস্ট মধ্যরাতে আর জি করে যে দুষ্কৃতীদের হামলা হয়, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ওইদিন দুষ্কৃতীদের প্রতিরোধ করার বদলে নিজেরাই প্রাণ ভয়ে পালিয়ে যান পুলিশ কর্মীরা। তা নিয়েও পুলিশ কমিশনারের উপর ক্ষুব্ধ আর জি কর। এই সমস্ত ঘটনার প্রতিবাদেই এবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবী তুলে আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা।
বলে রাখি, এর আগে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়েও বিশেষ খুশি নন তারা। সেই কারণেই দ্রুত তদন্তের দাবী তুলে সিজিও কমপ্লেক্সে অভিযান করেছিলেন তারা। তাদের স্বাস্থ্য ভবনের অভিযানের জন্যই আর জি করের নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ নবান্ন অভিযানের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের অত্যাচার, সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন, এবার পুলিশ কমিশনারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের
পুলিশকে নিয়ে অভিযোগের অন্ত নেই। তরুণী চিকিৎসকের দেহ সকালে উদ্ধার হলেও এফআইআর কেন রাতে দায়ের হল। দেহ পুড়িয়ে দিতে কেন তাড়া দিয়েছিল পুলিশ। কেনই বা মা-বাবাকে ফোন করে তাদের মেয়ের মৃত্যুর আসল কারণ জানানো হয়নি, এমন নানান অভিযোগে বিদ্ধ রাজ্য পুলিশ। সেই কারণেই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবী তুললেন জুনিয়র চিকিৎসকরা। দিলেন লালবাজার অভিযানের ডাক। তাদের এই মিছিল কী সফল হবে নাকি আগের নানান মিছিলের মতো চিকিৎসকদের মিছিলও আটকাবে পুলিশ? এখন সেটাই দেখার!





