ফের একবার আনন্দপুর এলাকায় মাথাচাড়া দিচ্ছে শিশু বিক্রি চক্র। মায়ের কোল থেকে ছিনিয়ে নিজের ২৮ দিনের নাতনিকে বিক্রি করে দিলেন দাদু। এমনই অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার পর পুলিশ এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার। এদিন রাতে এক তরুণী এসে আনন্দপুর থানায় অভিযোগ করেন যে তাঁর ২৮ দিনের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ পাওয়ার পর শিশুর খোঁজ শুরু করে পুলিশ। তরুণীর বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন।
পুলিশের জেরার সময়ই ওই শিশু-কন্যার দাদুর কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। পুলিশ বুঝতে পারে, শিশুটিকে কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগকারিণীর বাবা ও সৎ মা জড়িত। শেষ পর্যন্ত পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে তারা। পুলিশকে জানায়, ৩০ হাজার টাকার বিনিময়ে নাতনিকে বিক্রি করে দিয়েছে।
তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের থেকে খোঁজ নিয়েই আনন্দপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর হোমে পাঠানো হয় শিশুকে। পরে তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জন মিডলম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনই মহিলা। এদের আজ, বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে।
পুলিশের অনুমান, এই চক্রের পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে। আনন্দপুর এলাকায় শিশু বিক্রির অভিযোগ নতুন ঘটনা নয়। গত আগস্ট মাসেই নিজের ২১ দিনের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ মায়ের বিরুদ্ধেই। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই পুলিশ জানতে পারে শিশু বিক্রির ঘটনায় মিডলম্যানের ভূমিকাই সবথেকে বেশি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার