এমএ ইংলিশ চায়েওয়ালি, নামটা শুনতে অদ্ভুত হলেও, এমনই এক দোকান খুলে ফেলেছেন হাবড়ার এক তরুণী। টুকটুকি দাস, রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। পেয়েছিলেন ফার্স্ট ক্লাস, ৬১ শতাংশ নম্বর। কিন্তু তবুও অনেক চেষ্টা করেও ভাগ্যের শিকে ছেড়েনি। মেলেনি চাকরি। অবশেষে সংসারের অনটন দূর করতে খুলে ফেললেন চায়ের দোকান।
গত সোমবার থেকেই চালু হয়েছে তাঁর এই দোকান। দোকানের নাম রেখেছেন, “এমএ ইংলিশ চায়েওয়ালি’। এ যেন শিক্ষিত সমাজের মুখে একটা উত্তর। উত্তর ২৪ পরগণার হাবড়া স্টেশনেই চালু করেছেন এই দোকান।
টুকটুকির বাবা মুদির দোকান চালান। মাঝে মধ্যে সংসারে টান পড়লে ভ্যানরিক্সাও চালান। সেই সময় তাঁর মা দোকানে বসেন। পারিবারিক পুঁজি নেই যে ব্যবসা আরও বড় করবেন। কিন্তু বাড়িতে এভাবে হাত গুটিয়ে বসে থাকার পক্ষেও ছিলেন না টুকটুকি।
সেই সময় ইউটিউবে একটি ভিডিও দেখেন তিনি। মুম্বইয়ের এক উচ্চশিক্ষিত যুবক চাকরি না পেয়ে চায়ের দোকান খুলেছেন। নিজের শিক্ষাগত যোগ্যতাকে জুড়ে দিয়েছেন দোকানের নামের সঙ্গে। ব্যাপারটা মনে ধরে টুকটুকির। মা-বাবার সঙ্গে কথা বলেন। কিন্তু এমএ পাশ মেয়ে চায়ের দোকান চালাবে, প্রথমে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাঁর মা-বাবা। তবে টুকটুকি তাদের বোঝান যে চাকরি না পেয়ে হতাশায় ডুবে যাওয়ার থেকে সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়ানো অনেক ভালো। এরপর মত দেন তাঁর মা-বাবা।
কিন্তু এই চায়ের দোকান নিয়ে লোকজন কি বলছে? টুকটুকির জবাব, “প্রথম দিন অনেকে খুব উৎসাহ দিয়ে গেলেন। চায়ের দোকান দেবে একটা মেয়ে, এ কথা শুনে অনেকে দোকান ভাড়াই দিতে চাইছিলেন না। অনেকে বলেছেন, এ সব তােমার দ্বারা হবে। সে কথা শুনে চোয়াল আর ও শক্তই হয়েছে। আমি মনে করি, কোনও কাজই ছােট নয়। ইচ্ছে আছে, চায়ের দোকানটাকে দাঁড় করিয়ে নিজস্ব ব্র্যান্ড তৈরি করব। নিজের পরিচিতি গড়ে তুলব”।
কিন্তু দোকানের নাম এমন কেন? শিক্ষিত হয়েও চাকরি পাওয়ার যন্ত্রণা? টুকটুকির কথায়, “না না, ও সব কিছু নয়। দোকানের নামে নতুনত্ব রাখতে চেয়েছি। শিক্ষিত হয়েও যে কোনও কাজে এগিয়ে আসা যায়, সেই বার্তাও হয়তাে আছে এই নামে”।
বর্তমানে রাজ্যে এবং কেন্দ্রে সরকারি চাকরির যে অবস্থা, তাতে এই তরুণীর এমন সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তবে সব শেষে একটা কথা বলাই যায়, চাওয়ালি টুকটুকি দাস এই মুহূর্তে শুধু আমাদের রাজ্য নয়, গোটা ভারতবর্ষের বেকার যুবক-যুবতীদের কাছে এক পথপ্রদর্শক।






