পড়াশোনা না করলে বকাঝকা করেন শিক্ষক। শাস্তিও দেন। কোনও কোনও সময় আবার পিঠেও পড়ে দু-চার ঘা। কিন্তু তা বলে স্কুলের মধ্যে ধারালো অস্ত্র উঁচিয়ে পড়ুয়াদের ভয় দেখাবেন শিক্ষক? এমনটাও কী হয়! এমনটা সত্যিই ঘটেছে। স্কুলের মধ্যে ছুরি নিয়ে প্রধান শিক্ষকের তাণ্ডবের ঘটনার অভিযোগ উঠল এবার।
কোথায় ঘটেছে এই ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ে। ওই প্রধান শিক্ষকের নাম রঘুপতি সর্দার। ক্লাসরুমে ঢুকে ছুরি দিয়ে পড়ুয়াদের ভয় দেখানোর অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। ক্লাসে পড়ুয়াদের হেনস্থা করার অভিযোগ তোলা হয়েছে। আজ, শনিবারের এমন ঘটনায় গোটা স্কুল চত্বর তো বটেই, গোটা এলাকাতেও হইচই পড়েছে।
কী ঘটেছে ঘটনাটি?
অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলের এই প্রধান শিক্ষক বেশ অদ্ভুত আচরণ করছেন। এই বিষয়টি নিয়ে এর আগেও স্কুল চত্বরে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু শনিবার ওই প্রধান শিক্ষক যে ঘটনা ঘটালেন, তাতে আতঙ্কিত পড়ুয়ারা।
অভিযোগ, এদিন আচমকাই ক্লাসরুমে ঢুকে ছুরি-সহ নানান ধারালো অস্ত্র দেখিয়ে পড়ুয়াদের ভয় দেখাতে থাকেন ওই শিক্ষক। এই খবর জানাজানি হতেই স্কুলে জমা হন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন সকলে। ওই শিক্ষককে একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধার করে অভিযুক্ত শিক্ষককে। ওই প্রধান শিক্ষককে অবিলম্বে বরখাস্ত বা বদলির দাবী তুলেছেন পড়ুয়া ও অভিভাবকরা।
এই ঘটনা প্রসঙ্গে ধুলিয়ান চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক হোসনেয়ারা খাতুন বলেন, “বেশকিছু দিন আগেই প্রধান শিক্ষকের বিভিন্ন রকম অসংলগ্ন আচরণের বিষয়টি সহকারী শিক্ষকরা আমাকে জানিয়েছিলেন। তার পর আমি গত ১২ তারিখ ভিজিট করে ওই প্রধান শিক্ষককে সতর্ক করেছিলাম এবং ১৬ ফেব্রুয়ারি ওই প্রধান শিক্ষককে লিখিতভাবে সতর্ক করা হয়। কিন্তু হঠাৎ আজ উনি কেন এমনটা করলেন তা স্পষ্ট নয়। মানসিক ভারসাম্যহীন কি না তাও স্পষ্ট নয়”।





