এখনও বৈশাখ মাস পড়তে একদিন বাকি। তবে চৈত্রের মাঝামাঝি থেকেই গরম যেভাবে ওভার বাউন্ডারি শুরু করেছে, তাতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আজ, শুক্রবার তাপমাত্রা আরও বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগে জানা গিয়েছিল রাজ্যে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তবে আবহাওয়া দফতরের বর্তমান বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানা গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করল হাওয়া অফিস।
তাপপ্রবাহের তালিকায় কলকাতা তো রয়েছেই। এর পাশাপাশি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। আজ, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতি দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও গরম হাওয়ার দাপটে নাজেহাল হবে মানুষ। তাপপ্রবাহের কারণে আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের কারণে।
উক্ত এই জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। আজও সেই ধারাই অব্যাহত থাকবে। জানা যাচ্ছে, আজ, শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে ৪১-এর কোঠায় ঢুকবে। এই তাপপ্রবাহের কারণেই বাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশিই থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বুধবার থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেও হতে পারে। এমন গরম পরিস্থিতির কথা মাথায় রেখেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রথমে স্থির ছিল রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে ২৪ মে থেকে। তবে এমন তাপমাত্রা ও তাপপ্রবাহের কারণে গরমের ছুটি পড়বে ২ মে থেকেই।





