গভীর নিম্নচাপের জেরে দুর্যোগের ঘনঘটা, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়, এলাকা জলমগ্ন হয়ে বাড়বে ভোগান্তি

নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। টানা বৃষ্টিতে হাসপাতালে, রাস্তায় জল জমেছে। চলতি বর্ষায় প্রথমবার ভারী বৃষ্টি হল কলকাতায়। গরম একটু কমলেও, জমা জলে দুর্ভোগ একাধিক এলাকার। ভাঙা নদীবাঁধ নিয়ে শঙ্কিত সুন্দরবন, ঘাটাল। আবহাওয়া দফতর জানিয়েছে, সকালে বাঁকুড়ার উপর রয়েছে অতি গভীর নিম্নচাপ। এর প্রভাবে আজও বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কোথায় অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা

এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরক্ষপুর-পাটনা-শ্রীনিকেতন-ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ রূপে গতকাল বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান ছিল। বর্তমানে ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে শক্তি কিছুটা দুর্বল হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতিবৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলর নীচু এলাকায় জল জমে যাবে।

উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে?

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বুধবার থেকে উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এই দু’দিন উপরের দিকেই পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।

RELATED Articles