Weather update : ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে বৃষ্টি! দুই বঙ্গেই তীব্র বৃষ্টির ইঙ্গিত দিল মৌসম ভবন!

গত কয়েকদিন ধরে শহর হোক বা গ্রাম—দু’জায়গাতেই তীব্র গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। একদিকে একটানা রোদের তাপ, অন্যদিকে বাতাসে আর্দ্রতা—এই দুইয়ে মিলে তৈরি হয়েছে অসহ্য অস্বস্তি। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘর ছেড়ে বেরোতে হচ্ছে অনেককে, কিন্তু গায়ে যেন জ্বালা ধরিয়ে দিচ্ছে রোদ। ফ্যান, কুলার বা এসি– কোনও কিছুতেই মিলছে না স্বস্তি। স্বাভাবিকভাবেই, মানুষ এখন বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে।

আকাশে কখনও-সখনও ঘন মেঘ জমলেও অনেক ক্ষেত্রেই সেই মেঘ বৃষ্টিতে পরিণত হচ্ছে না। ধান লাগানোর মরসুম প্রায় এসে পড়েছে, ফলে কৃষকদের মধ্যে একটা চাপা উদ্বেগ তৈরি হয়েছে। শহরে মানুষ যেমন বৃষ্টির অপেক্ষায়, তেমনই গ্রামাঞ্চলেও কৃষকরা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন—‘যেন এবার ভালো বৃষ্টি হয়’। তবে হাল ছাড়ছেন না কেউ, কারণ আশার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলাদেশের দিকে ঘুরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমেছে। তবে এটিই শেষ নয়। আগামী চারদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে পাহাড়ি এলাকায় ধ্বসের আশঙ্কাও থাকছে। একইসঙ্গে বাড়তে পারে নদীর জলস্তর, ফলে নিচু এলাকার বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ AStrology : শনি-সূর্যের বিরোধে গ্রহসংযোগের অশুভ ছায়া! তিন রাশির জাতকদের জন্য বড় সতর্কবার্তা!

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩-৪ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি। আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়বে বলে পূর্বাভাস। তাই আগামী কয়েকটা দিন বৃষ্টির দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই বঙ্গেই। এখন দেখার, এই বৃষ্টির হাত ধরে কবে মিলবে গরম থেকে প্রকৃত স্বস্তি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles