২ ঘণ্টার মধ্যেই বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

আমফান-এর রেস কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে কিছুদিন ধরেই কালবৈশাখীর পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর কালবৈশাখীর কারণে রাজ্যে বর্ষার পূর্বেই যে বৃষ্টি শুরু হয়েছে সেকথাও আগেই জানানো হয়েছে। এবার ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ২ ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

শুধু ঝড় নয় সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। যদিও এতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেই জানা যাচ্ছে। বরং এই বৃষ্টিই তীব্র দাবদাহের হাত থেকে শহরবাসীকে স্বস্তি দেবে। ইতিমধ্যেই, হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চলে বজ্রগর্ভ মেঘের দেখা মিলেছে। হাওয়ার সঙ্গে সেই মেঘ শহরে ঢুকছে। ফলে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, আন্দামান-নিকোবরে ইতিমধ্যেই বর্ষার আবির্ভাব হয়েছে। ফলে কালবৈশাখীর দাপটই এখন প্রাক বর্ষাকে নিমন্ত্রণ জানাচ্ছে। গতকাল রাতেও কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হয়েছিল।

RELATED Articles

Leave a Comment