লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধীদের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ছে। নানানভাবে একে অপরকে শানানোর জন্য প্রস্তুত সকলেই। প্রচারের জন্য নানান পন্থা অবলম্বন করছে রাজনৈতিক দলগুলি। এবার প্রচার করতে গিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর এর জেরে কমিশনে নালিশ জানাল হিন্দু পরিষদ (Hindu Parishad)।
কী ঘটেছে ঘটনাটি?
শিলিগুড়ি পুরসভার বেশ কিছু ওয়ার্ডে দেখা গেল কিছু পোস্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভগবান রামকে নিয়ে কিছু ব্যঙ্গাত্মক পোস্টার লাগানো হয়েছে তৃণমূলের তরফে। সেই কার্টুন সম্বলিত কিছু ফ্লেক্সে দেখা গিয়েছে, ভগবান রাম মোদীর হাত জোর করে ছাড়াতে চাইছেন। আর এই ছবির পাশে লেখা, “ছাড় আমায় ছাড়। নিজের ক্ষমতায় অন্তত একটা নির্বাচন তো লড়ে দেখা”।
শহরের নানান জায়গায় এই পোস্টারগুলি দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও এই পোস্টার ছড়ানো হয়েছে বলে খবর। মোদী ও বিজেপি ভগবান রামের নাম করেই ভোট করাতে চাইছে, এমনটাই বলা হয়েছে এই পোস্টারের মাধ্যমে। অযোধ্যার রামমন্দির উদ্বোধন নিয়ে তৃণমূলের নানান মন্তব্য ছিল। আর এবার ভোটের প্রচারেও ভগবান রামকে নিয়ে এমন ব্যঙ্গচিত্র ব্যবহার করল শাসক দল।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। এলাকায় বিক্ষোভ দেখান তারা। এরপর জলপাইগুড়ি পুলিশ সুপারের দ্বারস্থ হন তারা। তৃণমূলের বিরুদ্ধে যাতে আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়, সেই আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করেন হিন্দু পরিষদের কর্মীরা।
এই ঘটনা প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলার সাধারন সম্পাদক শুভঙ্কর দত্ত বলেন, “ভগবান রাম আমাদের আরাধ্য দেবতা। আর তাঁকে নিয়ে তৃনমূল এইসব নোংরা রাজনীতি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর কোন দল যাতে দেবদেবী নিয়ে এইসব না করে তার অনুরোধ রাখছি। পাশাপাশি তৃনমূলের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়ে গেলাম”।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে তৃনমূলের জেলা কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও জায়গায় যদি আমাদের কর্মীরা এই কাজ করে থাকে তবে আমি তাকে সমর্থন করছি। কারন রাম ও রাম মন্দিরকে নিয়ে বিজেপি রাজনীতি করে এবং এবারের ভোটেও করছে। রাম বিজেপির কিছু নেতার দেবতা নয়। রাম সকল হিন্দুদের দেবতা। তাই রামকে নিয়ে বিজেপির রাজনীতির বিরুদ্ধে এইসব পোস্টার”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!