বিশ্বজোড়া করোনা সংক্রমণের জেরে নিষ্প্রভ হয়ে গেছে সমস্ত রকমের উৎসব, আনন্দ-অনুষ্ঠান। আর যার ফলে বড়োসড়ো প্রশ্নের মুখে পড়েছে বাঙালির সবথেকে বড় উৎসব শারোদৎসব। তাই দুর্গাপূজার ভবিষ্যৎ নির্ণয়ে আগামী ২৫ শে সেপ্টেম্বর ফের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে দুর্গাপূজা কমিটিগুলিকে বেশ কিছু পরামর্শ দেন। আজ অর্থাৎ সোমবার অতিমারী মোকাবিলায় রাজ্য সরকার কর্তৃক গঠিত গ্লোবাল কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।সেই বৈঠকেই উঠে আসে আসন্ন দুর্গা পুজো নিয়ে রাজ্য সরকারের ভাবনা চিন্তা। উৎসব বন্ধ রাখা যাবে না তাই এই বছর রদবদল হবে প্যান্ডেলে। মুখ্যমন্ত্রীই জানালেন করোনা আবহে কেমন হওয়া উচিত দূর্গাপূজার প্যান্ডেল।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, “গ্লোবাল কমিটির সদস্যরা পরামর্শ দিয়েছেন দুর্গা পুজোর প্যান্ডেল উন্মুক্ত রাখতে। যাতে করে হাওয়া বাতাস চলাচল করতে পারে, যেন বদ্ধ না থাকে। এতে নিঃশ্বাস-প্রশ্বাসের সুবিধা হবে আর জীবাণু থাকলে বেরিয়ে যাবে।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিমা যেখানে থাকবে সেই জায়গা তো ঢাকা রাখতেই হবে। তবে যারা অঞ্জলি দিতে আসেন, প্রতিমা দর্শন করতে আসেন তাদের কারণে ভিড় বাড়বে। তাই যেখান থেকে অঞ্জলি দেওয়া হবে অথবা প্রতিমা দর্শন করা হবে সেই জায়গাগুলি খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া বাতাস বইবে। জীবাণু থাকলে বেরিয়ে যাবে। উন্মুক্ত না রেখে ভেন্টিলেটর থাকলে তা সম্ভব নয়।”





