বুধবার সকালেই বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি আয়কর হানা, কর ফাঁকি দেওয়ার অভিযোগ, বাড়ি-কারখানা-হাসপাতাল ঘিরল কেন্দ্রীয় বাহিনী

বুধবার সকাল সকালই সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর বিভাগ। জানা গিয়েছে, বায়রন বিশ্বাসের বাড়ি, গুদাম, হাসপাতাল-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর বিভাগের আধিকারিকরা। তাঁর বাড়ি, গুদাম, হাসপাতাল ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।   

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বায়রন বিশ্বাস আয়কর বিভাগের আধিকারিকদের নজরে ছিলেন। কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই এদিন সকাল সকাল মুর্শিদাবাদ পৌঁছন আয়কর বিভাগের আধিকারিকরা। প্রথমেই বিধায়কের বাড়ি যান তারা। এরপর আয়কর বিভাগের নানান দল বিধায়কের হাসপাতাল, গুদাম, বিড়ির কারখানা নানান জায়গায় তল্লাশি শুরু করেন।  

উল্লেখ্য, মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি বাবর আলির বড় ছেলে বায়রন বিশ্বাস। একসময় সিপিএম করতেন এই বাবর আলি। পরে যদিও রাজনীতি থেকে সরে আসেন তিনি। ভালোভাবে ব্যবসা চালিয়ে বিড়ি শিল্পপতি হন। এরপর চায়ের ব্যবসা শুরু করেন। ইংরাজি মাধ্যম স্কুল এবং বেসরকারি হাসপাতালও খোলেন।

তাঁর ছেলে বায়রন বাবার ব্যবসার দায়িত্ব নেন। সাগরদিঘির মোড়গ্রামে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা খুলতে চলেছেন তিনি। ২০২১ সাল থেকে রাজনীতিতে পা দেন বায়রন বিশ্বাস। গত বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে জিতেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তৃণমূলে যোগ দেন তিনি।

জানা গিয়েছে, উপনির্বাচনের আগে বায়রন নির্বাচন কমিশনকে যে তথ্য দিয়েছিলেন, তা থেকে জানা যায় যে বাবার বিড়ি ব্যবসার হাত ধরেই বায়রন ব্যবসা শুরু করেছিলেন। একটি নতুন রাসায়নিকের ফ্যাক্টরি তৈরি করছেন বলেও জানা গিয়েছে। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বায়রন বাজাজ অ্যালায়েন্স, নার্সিং হোম, টোবাকো স্টোরে বিনিয়োগ করেছেন। তাঁর স্ত্রীর আবার বিড়ি ব্যবসায় বিনিয়োগ রয়েছে।

RELATED Articles