আর জি করের ঘটনা যেন গোটা দেশকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। তরুণী চিকিৎসকের সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে, চুপ করে থাকতে পারছেন না কেউই। রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন সকল স্তরের মানুষ। দিকে দিকে শুধু একটাই দাবী, ‘ন্যায় বিচার চাই’। আসল দোষীদের উপযুক্ত ও কঠোরতম শাস্তি দিতেই হবে। নানানভাবে নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন সকলেই।
গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তিলোত্তমার ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এখনও জারি তাদের সেই আন্দোলন। পথে নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নানান কলাকুশলীরা। এরই মধ্যে এবার দেখা মিলল এক অভিনব প্রতিবাদের।
রাত দখল কর্মসূচি চলছে মহিলাদের। এর আগে ১৪ আগস্ট ও ৪ সেপ্টেম্বর ছিল এই কর্মসূচি। আজ, রবিবার ফের রয়েছে এই কর্মসূচি। গোটা রাজ্যের মহিলারা আজও পথে নামবেন তিলোত্তমার বিচারের দাবীতে। এরই মধ্যে এবার বিচারের স্লোগান উঠল ঘুড়িতেও। রাজপথ ছেড়ে এবার বিচারের দাবী মাঝ আকাশেও।
মাঝ আকাশেও চলবে তিলোত্তমার জন্য বিচারের দাবী। ঘুড়িতে লেখা হচ্ছে, ‘বিচার হোক’, ‘অভয়ার বিচার চাই’ স্লোগান। নানান মানুষের প্রতিবাদের ভাষা ভিন্ন। এক স্তরের মানুষ এভাবেই ঘুড়িতেও প্রতিবাদী স্লোগান লিখে এই আন্দোলনে সামিল হচ্ছেন। এভাবেই এই মুহূর্তে প্রতিবাদমুখর গোটা শহর সহ রাজ্য তথা দেশ।
এমন প্রতিবাদের ভাষা এই আগেও দেখা গিয়েছে। রেস্তোরাঁর বিলেও ‘বিচার চাই’ স্লোগান লিখে খাবার ডেলিভারির ছবি দেখেছে রাজ্যবাসী। এমনকি প্রেসক্রিপশনেও বিচারের দাবী জানিয়েছিলেন এক চিকিৎসক। আর এবার বিচারের স্লোগানের দেখা মিলল ঘুড়িতে। এভাবেই জেগে উঠুক মানুষ। চলতে থাক প্রতিবাদ। দিকে দিকে গর্জে উঠুক প্রতিবাদী স্লোগান। বিচার যে দিতেই হবে ‘তিলোত্তমা’কে!





