আজ, বুধবার, বাংলায় পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২০২১-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। সেই সমস্ত কাজকর্ম খতিয়ে দেখেত ও ভোটের আগে জনসংযোগ বাড়াতে দু’দিনের সফরে বাংলায় নাড্ডা। আজ ১২টার সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন রাজ্যের বিজেপি নেতৃত্বরা।
সূত্রের খবর অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন হেস্টিংস-এ। সেখানে দুপুর ১টা নাগাদ বিজেপির দফতরে নির্বাচন কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকেই রাজ্যের আরও ৯ জেলায় নতুন দলীয় কার্যালয়গুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন নাড্ডা।
এই দু’দিনের বাংলা সফরে যেসমস্ত জায়গাগুলিতে নাড্ডা সভার জন্য বেছে নিয়েছেন, সেগুলিও বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, বুধবার তাঁর কর্মসূচী হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই ভবানীপুর ও হরিশ মুখার্জী রোডে। এদিন দুপুর ৩টের সময় ভবানীপুরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচীর একটি র্যালি করবেন তিনি। এই কর্মসূচী বিজেপির পক্ষ থেকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য বিস্তার ও গুন্ডারাজের বিরুদ্ধে প্রতিবাদ।
বুধবার বিকেলে তিনি সাক্ষাৎ করবেন বস্তিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। এটি বিজেপির ‘গৃহ সম্পর্ক অভিযান’-এর অন্তর্গত একটি কর্মসূচী। প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের সুবিধা, অসুবিধার সম্পর্কে জানবেন। এরপর কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার খবরও রয়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এদিন রাতে নাড্ডা সল্টলেকের আইসিসিআরে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে।
পরদিন, বৃহস্পতিবার তাঁর কর্মসূচীর স্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা ডায়মন্ড হারবার। এদিন সেখানে গিয়ে নাড্ডা মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে খবর রয়েছে। এরই সঙ্গে তিনি দেখা করবেন জেলা নেতৃত্বের সঙ্গে। এরপর একটি সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য রাখবেন নাড্ডা। যেতে পারেন রামকৃষ্ণ মিশনেও।
প্রসঙ্গত, এর আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, বিধানসভা নির্বাচনের আগে প্রতি মাসে রাজ্যে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গত ১৯শে অক্টোবর উত্তরবঙ্গ সফরে এসেছিলেন নাড্ডা। এরপর আগের মাসেই অমিত শাহ বাংলায় দু’দিনের সফর সেরে গিয়েছেন। ১৯শে অক্টোবরের পর ফের একবার বাংলায় পা রাখছেন জে পি নাড্ডা।





