হঠাৎই দিল্লি সফরে জগদীপ ধনখড়, রাজ্যপালের এই সফরের কারণ ঘিরে বাড়ছে জল্পনা

আজ শনিবার, হঠাৎ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই সফর সম্বন্ধে পূর্বে কোনও ঘোষণা করা হয়নি বলেই জানা যাচ্ছে। আচমকাই রাজ্যপালের এই সফর ঘিরে বাড়ছে জল্পনা। তিনি দিল্লিতে কোন কাজে যাচ্ছেন বা কার সঙ্গে দেখা করবেন, সেসব কিছিউ এখনও পর্যন্ত জানা যায়নি।

এদিকে এদিন গীতার একটি বাণী টুইট করেন রাজ্যপাল। তাতে লেখা, “কর্মণ্যেবাধিকারস্তে, মা ফলেষু কদাচন”। অর্থাৎ, কাজ করে যাও, ফলের আশা করো না। এর ফলে তাঁর দিল্লি যাওয়া নিয়ে জল্পনা আরও বেড়েছে।

আরও পড়ুন- রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা, জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ

বিধান পরিষদ-সহ আরও নানান বিষয়ে আলোচনা করতে আচমকাই রাজভবনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকের  দু’দিনের মধ্যেই রাজ্যপালের দিল্লি সফর নিয়ে উঠেছে প্রশ্ন।

রাজ্যে তৃতীয়বার সরকার প্রতিষ্ঠা করার পর রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানের মধ্যে সংঘাত চরমে উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে জৈন হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত বলেও অভিযোগ আনেন। এরপর গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে জল্পনা বাড়ায়।

এবার সেই জল্পনা আরও বেশি দৃঢ় হল রাজ্যপালের দিল্লি সফরে। উল্লেখ্য, নির্বাচনের পর থেকেই ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে মমতার সরকারকে বারবার তোপ দেগেছেন রাজ্যপাল। উত্তরবঙ্গ, নন্দীগ্রামে নিজেই চলে গিয়েছেন ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে। এরপর মাঝে একবার দিল্লিও গিয়েছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন- শুরুর আগেই ধাক্কা, টোকিও অলিম্পিকের গেম ভিলেজে হদিশ মিলল প্রথম করোনা রোগীর

এদিকে জুলাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাবেন। সেই সফরে তিনি বিরোধী দলের নেতা-নেত্রীদের পাশাপাশি দেখা করতে পারেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও। মুখ্যমন্ত্রীর সফরের আগেই রাজ্যপালের হঠাৎ এই দিল্লি সফর যে বেশ তাৎপর্যপূর্ণ, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

RELATED Articles