ফের উত্তপ্ত বীরভূমের রাজনীতি। ফের তৃণমূল-বিজেপির (TMC-BJP) নতুন বাকযুদ্ধ শুরু। গতকাল এক কর্মসূচিতে গিয়ে এক বিস্ফোরক দাবী করে বসলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বেশ চ্যালেঞ্জের সুরেই তিনি বলেন যে শতাব্দী রায় (Shatabdi Roy) ও আশিস বন্দ্যোপাধ্যায় (Ashish Banerjee) দু’জনই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও শতাব্দী ও আশিস দু’জনেই এই দাবী নস্যাৎ করে দিয়েছেন।
জিতেন্দ্র তিওয়ারি আরও দাবী করেন যে শতাব্দী ও আশিস যদি তাঁর এই বক্তব্যের বিরোধিতা করতে চান, তাহলে তারা প্রকাশ্যে অনুব্রত মণ্ডলের বিরোধিতা করুন। জিতেন্দ্র তিওয়ারির এই মন্তব্যের পরই শতাব্দী রায় তাঁর দাবী নস্যাৎ করে দেন।
গতকাল, শনিবার মুরারইতে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানেই তিনি বলেন, “শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায় দু’জনই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই তাঁরা তৃণমূল করছেন। একথা যদি মিথ্যে হয়, তবে তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলন ডেকে বলুন যে অনুব্রত মণ্ডল যা করেছেন, তা তাঁরা সমর্থন করে না”।
বিজেপি নেতার এহেন মন্তব্য প্রসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন্, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, কেষ্টকে নিয়ে আমাদেরও মতামত তাই। মুখ্যমন্ত্রী বীরের মর্যাদা দিতে বলেছেন অনুব্রতকে। মুখ্যমন্ত্রীর মতই আমাদের পথ”।
জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, “জিতেন্দ্র তিওয়ারি হয়েছেন তৃণমূলের ভাত খেয়ে। ব্রিটিশ পলিসিতে মিথ্যা রটনা করে ভাগাভাগি করতে চাইছেন”।
বলে রাখি, খয়রাশোলের জনসভায় শতাব্দী রায় প্রকাশ্যে অনুব্রত মণ্ডলের পাশে থাকার কথা বলেছেন। কিছুদিন আগে খয়রাশোলের জনসভায় শতাব্দী রায় বলেছিলেন, “ভালো সময়ে যে মানুষটার কাছে আমরা সাহায্য পেয়েছি, তার অসুবিধার দিনে তার পাশে থাকব না, তাই হয়? সবাই আমরা তাঁর পাশে আছি”।
জিতেন্দ্রের চ্যালেঞ্জ প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, “উনি কি পদে আছেন যে কথার উত্তর দিতে হবে? কেউ যা খুশি বলবে আর আমি তার উত্তর দিয়ে দেব? এটা হয় না”।





