‘অভিষেককে আমি পলিটিশিয়ান বলে মনেই করি না’, মমতার প্রশংসা করলেও অভিষেক সম্পর্কে আগ্রহীই নন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বর্তমানে তিনিই এখন সমস্ত শিরোনামের কেন্দ্রবিন্দু। তাঁকে ঘিরেই এখন উত্তাল বঙ্গ রাজনীতি। বিচারপতি হিসেবেও যথেষ্ট চর্চার মধ্যে ছিলেন তিনি। তবে এবার তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চার অন্ত নেই। এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তবে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে মোটেই যে তিনি আগ্রহী নন, তাও সাফ জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, গত রবিবার এক বোমা ফাটান কল্লাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে তিনি জানান যে বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। কোনও ‘বৃহত্তর ক্ষেত্রে’ যাওয়ার উদ্দেশেই তাঁর এক সিদ্ধান্ত। এরপরই গুঞ্জন শুরু হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দিচ্ছেন।

সেটাই সত্যি। বিচারপতি নিজেও তাঁর রাজনীতিতে যাওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি কোন দলে যোগ দিচ্ছেন, তা নিয়ে জল্পনা জিইয়েই রয়েছে। তবে পাল্লা যে বিজেপির দিকেই ভারী, তা বেশ পরিষ্কার। আজ, মঙ্গলবারই ইস্তফা দিচ্ছেন তিনি। এরই মধ্যে এবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের প্রশংসা করেন বিচারপতি। বলেন, “আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই একজন সরল মহিলা। দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গিয়েছেন। কংগ্রেসের বীরেরা যখন পালিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন”। তিনি এও জানান যে এসব কারণের জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও আক্রমণ করে কথা বলেন না।

অভিষেক সম্পর্কে কী ধারণা বিচারপতির?

মমতার গুণগান করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মোটেই আগ্রহী নন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিষেক সম্পর্কে বিচারপতি বললেন, “একটু আগেই বললাম একটা নাম আমি শুনতেও চাই না, উচ্চারণও করতে চাই না। কারণ তাঁকে আমি কোনও পলিটিশিয়ান মনেই করি না। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত”।

RELATED Articles