তৃণমূল কংগ্রেসের এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ২০২১ সালে উত্তরপাড়া কেন্দ্র থেকে জিতে বিধায়ক হওয়া এই তারকা নেতার নাম এবারের তালিকায় নেই। অন্যদিকে রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, সোহম চক্রবর্তী, দ্বিতীয়বার সুযোগ পেলেও কাঞ্চনকে বাদ দেওয়ায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে উত্তরপাড়া কেন্দ্রে নতুন মুখ হিসেবে শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পরেই বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
২০২১ সালের নির্বাচনে জয়লাভ করে উত্তরপাড়ার মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব সামলেছেন কাঞ্চন। তবে গত পাঁচ বছরে তাঁর রাজনৈতিক জীবনে একাধিক বিতর্কও সামনে এসেছে। কখনও হাসপাতালের বিল সংক্রান্ত অভিযোগ, কখনও বিধানসভায় উপস্থিতি নিয়ে সমালোচনা তাকে চাপে ফেলেছে। স্থানীয় স্তরে কিছু নেতা ও কাউন্সিলরের অসন্তোষের কথাও শোনা গিয়েছিল। ফলে অনেকেই মনে করছেন, এই সব কারণই হয়তো দলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
প্রার্থী তালিকা ঘোষণার পর কাঞ্চন নিজেই মুখ খুলে জানিয়েছেন যে তিনি আগেই এই সিদ্ধান্তের আভাস পেয়েছিলেন। তাঁর কথায়, দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল এবং বিষয়টি সম্পূর্ণ দলের সিদ্ধান্ত হিসেবেই তিনি মেনে নিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, টিকিট না পেলেও তিনি দলনেত্রী Mamata Banerjee-র পাশে আগেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক পরিপক্বতার ইঙ্গিত দেখছেন অনেকেই।
উত্তরপাড়ায় তাঁর অনুপস্থিতি নিয়েও গত কয়েক বছরে বিরোধীদের কটাক্ষ শোনা গিয়েছিল। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগে ঘাটতি রয়েছে এমন অভিযোগও উঠেছিল বিভিন্ন সময়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিষয়গুলিও দলের চূড়ান্ত সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। যদিও তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ অরিন্দম গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তার নেপথ্যে নায়ক তিনি! প্রয়াত ‘সাধক বামাখ্যাপা’র স্রষ্টা, পৌরাণিক চিত্রনাট্যকার ঋতম ঘোষাল! টলিউডে শোকের ছায়া!
উল্লেখযোগ্যভাবে, এবারের প্রার্থী তালিকায় নতুন কোনও তারকা মুখ না এনে পুরনো ও অভিজ্ঞ মুখদের উপরই ভরসা রেখেছেন দলনেত্রী। আগে যেখানে নতুন সেলিব্রিটি প্রার্থীদের নিয়ে জল্পনা ছিল, সেখানে শেষমেশ সেই পথে হাঁটেনি তৃণমূল। বরং সংগঠন ও অভিজ্ঞতার সমন্বয়েই নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দেওয়া হয়েছে। ফলে কাঞ্চনের বাদ পড়া যেমন চমক তৈরি করেছে, তেমনই দলের কৌশল নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!