‘আন্দোলন থেকে পালাতে নাটক করছেন এখন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুকান্তকে খোঁচা কুণালের

সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের গাড়িতে ওঠার সময় মাটিতে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যান তিনি। ভর্তি হন হাসপাতালে। তাঁর সেই অসুস্থতাকে এবার ‘নাটক’ বলে কটাক্ষ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কী বলেছেন কুণাল?

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “আন্দোলন থেকে পালাতে নাটক করছেন। আসলে আন্দোলন করা অভ্যাস নেই। নাদুসনুদুস চেহারা নিয়ে গাড়ির মাথায় লাফালেন। তারপর শুয়ে পড়লেন। আসলে পালাতে এই সব করলেন। উনি ছবি তোলা আর প্রচারের প্রতিযোগিতা করেছেন। দিল্লিতে ছবি পাঠাবেন যাতে রাজ্য সভাপতি থেকে না সরায়। কিছু লোককে উস্কে শুয়ে পড়লেন। সজ্ঞানে শুলেন। গাড়ির মাথায় বেশি অক্সিজেন পাচ্ছিলেন”।

কী ঘটেছিল ঘটনাটি?

গতকাল, বুধবার টাকিতে ইছামতীর পাড়ে সরস্বতী পুজো করে সন্দেশখালি যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু বিজেপি কর্মী-সমর্থকদের আটকায় পুলিশ। সেই নিয়ে শুরু হয় বচসা। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি শুরু হয়। পুলিশের গাড়ির উপর উঠে প্রতিবাদ দেখান সুকান্ত মজুমদার। সেই সময় ধাক্কাধাক্কিতে গাড়ি থেকে পড়ে যান সুকান্ত। পিঠ ও শিরদাঁড়ায় আঘাত পান তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেই ঘটনায় ক্ষোভ জারি করেছেন বিজেপি নেতারা।  

এরই মধ্যে কুণাল ঘোষ বলেন, “কেউ যদি সাবমেরিনে উঠে লাফায়… ওনার উচিত ছিল সুইমিং কস্টিউমস পড়ে সাঁতরে সন্দেশখালি যাওয়া। যাওয়ার কথা সন্দেশখালি গেল ইছামতীর ঘাটে পুজো করতে”।

সুকান্ত অসুস্থ হওয়ার পর সেই ঘটনা নিয়ে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। বলেন, “কোথাও আমরা দেখিনি কেউ ওনাকে ধাক্কা মারছেন, মারধর করছেন। কিন্তু হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন। সাংসদ জীবন অচিরেই শেষ হবে উপলব্ধি করে তিনি ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন। সেই জন্য একটা রিহার্সাল দিলেন”।

RELATED Articles