নন্দীগ্রামে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন, ‘৩ দিনের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে অনশনে বসব’, বিস্ফোরক কুণাল

নন্দীগ্রামে তৃণমূলের (TMC) শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগে। এই ঘটনায় বিজেপিকেই (BJP) দায়ী করেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং তৃণমূল যৌথভাবে তেখালি-নন্দীগ্রাম সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ও মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। কুণাল দাবী করেন যে ৩ দিনের মধ্যে যদি দোষীদের গ্রেফতার না করা হয়, তাহলে তিনি অনশনে বসবেন।

আজ, শুক্রবার সকালে দেখা যায় নন্দীগ্রামে শহিদ তর্পণ মঞ্চের একটি অংশ পুড়ে গিয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে সারদিন নন্দীগ্রাম শহিদ দিবস নিয়ে রাজনীতির চেষ্টা করেছিল বিজেপি। তাতে কোনও সুবিধা করতে না পেরে রাতের অন্ধকারে তৃণমূলের তৈরি মঞ্চ পোড়ানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং তৃণমূল যৌথভাবে তেখালি-নন্দীগ্রাম সড়ক অবরোধ করে। বিকেলে ওই এলাকায় যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা। অগ্নিদগ্ধ ওই মঞ্চের সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি।

কুণাল বলেন, “আমরা সহযোগিতা করা মানে এই নয় যে পুলিশ দাঁড়িয়ে থাকবে আর বিজেপির গুন্ডারা গুঁড়িয়ে দিয়ে যাবে। যা ঘটেছে আমাদের তা ভাল লাগেনি। একপক্ষ সৌজন্য দেখাবে। আরেকপক্ষ মঞ্চ ভাঙবে হতে পারে না। যাদের নামে অভিযোগ জমা পড়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। বাড়িতে এনআইএ, সিবিআই পাঠাচ্ছে। মিথ্যা মামলায় দলীয় নেতা-কর্মীদের ফাঁসানো হচ্ছে। ওরা এনআইএ পাঠাবে আর আমরা রসগোল্লা পাঠাব। দু’টো একসঙ্গে হবে না। নন্দীগ্রামের আইসিকে বলতে চাই অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করতে হবে। ৩ দিনের মধ্যে দোষীদের গ্রেফতারির ছবি দেখতে না পারলে আমরা নন্দীগ্রাম থানায় অনশনে বসব”।

এদিন শশী পাঁজাও অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপিকে তোপ দাগেন। হামলাকারীদের ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “শ্রদ্ধা জানানোর অধিকার প্রত্যেকের আছে। আমরা তাই করেছিলাম। আর তারপর হয়েছে অপমান। ওরা মালা খুলল। গঙ্গাজল দিয়ে জায়গা পরিষ্কার করল। কেন আপনারা কী অপবিত্র, অলক্ষ্মী? হার্মাদ হার্মাদই হয়। চরিত্র কখনও বদলায় না”। তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

RELATED Articles