সামনেই স্কুল। আর তার কাছেই বেশ রমরমিয়ে চলছে ম’দের ব্যবসা। সেই দোকানেই এবার রাতের অন্ধকারে হানা দিল আবগারি দফতর। উদ্ধার করল লিটার লিটার ম’দ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনামুই এলাকায়।
অভিযোগ ওঠে যে ওই দোকানে দিনরাত চোলাই ম’দের ব্যবসা চলে। সেই অভিযোগ পেয়েই ওই দোকানে হানা দেন আবগারি দফতরের আধিকারিকরা। আর হানা দিয়েই বাজেয়াপ্ত হয় ৯০ লিটার ম’দের বোতল।
দাসপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই স্কুল লাগোয়া ম’দের দোকান নিয়ে অভিযোগ তুলছিল। অভিভাবকরা অভিযোগ তুলেছিলে যে নাবালক-নাবালিকাদের ওই জায়গায় নিত্য যাতায়াত আর সেখানে এভাবে চোলাইয়ের ব্যবসা করলে কুপ্রভাব পড়তে পারে। প্রশ্নও উঠেছিল যে প্রশাসনের নজর এড়িয়ে এই ব্যবসা কীভাবে চলছিল।
চোলাই ম’দ বিক্রির ব্যবসা দিনের আলোতেই চলত বলে অভিযোগ। এই খবর পেয়েই গতকাল, শুক্রবার রাতে আবগারি দফতরের ডেপুটি কালেক্টরের নেতৃত্বে বিশাল বাহিনী হানা দেয় ওই দোকানে। উদ্ধার করা হয় বোতল বোতল ম’দ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর।





