বড় দুর্ঘটনা! লাইনচ্যুত হয়ে গেল লোকাল, হাওড়া শাখায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা, বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি যাত্রীদের

বড় দুর্ঘটনা ঘটে গেল বর্ধমানের শক্তিগড় স্টেশনের কাছে। আর এই ঘটনার জেরে আজ, বৃহস্পতিবার সকালেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হল না। হাওড়া-বর্ধমান ডাউন লাইনে একাধিক ট্রেন বাতিল হয়েছে। একাধিক এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলেই এমন ভোগান্তি। আর এর জেরে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের।

ঘটনার সূত্রপাত হয় গতকাল, বুধবার রাতে ৯টা ২০ মিনিট নাগাদ। এদিন রাত নটা নাগাদ বর্ধমান-ব্যান্ডেল লোকাল বর্ধমান স্টেশন ছেড়ে শক্তিগড়ের দিকে রওনা দেয়। শক্তিগড় স্টেশন থেকে ২৫০ মিটার দূরে লোকালটি লাইনচ্যুত হয়ে যায়। সূত্রের খবর, পাশের লাইনে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ট্রেনের। জানা যাচ্ছে, লোকালটি ৩ নম্বর লাইন থেকে ৭ নম্বর লাইনে চেঞ্জ করার সময় এই দুর্ঘটনা ঘটে। একই লাইনে চলে এসেছিল দুটি ট্রেন।

একটি মালগাড়ি ও একটি প্যাসেঞ্জোর ট্রেন একই লাইনে চলে আসার জেরেই ঘটে যায় বিপত্তি। রেল দফতরের মতে, সিগন্যালের সমস্য়ার জেরে এই বিপত্তি ঘটেছে। এই ঘটনার জেরে ট্রেনের সামনের বগিটি লাইন থেকে সরে যায়। তবে ট্রেনের গতি বেশি না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে যায়। প্রাণহানি বা সম্পত্তিহানির ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে।  

আজ, বৃহস্পতিবার সকাল পর্যন্তও লাইন ও লাইনচ্যুত কামরাটি সারানোর কাজ অব্যাহত। এর জেরে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটছে। সিঙ্গল লাইন দিয়ে চালানো হচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি। মেমারি থেকে মশাগ্রাম পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কিছু লোকাল আবার কড লাইন দিয়ে চালানো হচ্ছে।

এদিকে আবার বাতিল হয়েছে আসানসোল-হাওড়া আপ-ডাউন এক্সপ্রেস। ধানবাদগামী ট্রেনও বাতিল করা হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে। মধুপুরে আটকে রয়েছে ডাউন কুম্ভ এক্সপ্রেস। বর্ধমানে রাত থেকে দাঁড়িয়ে রয়েছে শক্তিকুঞ্জ এক্সপ্রেস। এর জেরে যাত্রীরা বেশ সমস্যায় পড়েছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

RELATED Articles