‘আমি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওকে সপাটে থাপ্পড় কষাতাম’, তৃণমূল বিধায়ক অসিত মজুদারের অবমাননাকর মন্তব্যের পাল্টা দিলেন লকেট

বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চা-সমালোচনা চলছেই। নানান মহলে এই নিয়ে নিন্দা করা হয়েছে। এসবের মাঝেই এবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় উঠে এলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) হুঁশিয়ারি দেন তিনি। সেই মন্তব্যের পাল্টা দিলেন বিজেপি সাংসদও।

গতকাল, বৃহস্পতিবার হুগলির গুড়াপের হাসিমপুরে তৃণমূলের প্রতিবাদ সভা ছিল। ওই মঞ্চ থেকে বিজেপি সাংসদ লকেটকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বলেন, “ও গলার লকেট ছিল। আমি চুঁচুড়ায় ওকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছে। ও আর গলায় উঠবে না। পায়ের নূপুর হয়েই থাকবে”।

এদিন সিঙ্গুরের বড়বাজার লোহাপট্টিতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। ওই অনুষ্ঠান থেকে অসিত মজুমদারের মন্তব্যের পাল্টা দিয়ে লকেট বলেন, “এরা মহিলাদের অন্য চোখে দেখেন। ওর পাশে যে মহিলারা থাকেন তাদেরও একইভাবে দেখেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আমি ওঁর জায়গায় থাকলে ওকে (অসিত মজুমদার) সপাটে থাপ্পড় কষাতাম। এমন দিন আসবে যেদিন মহিলাদের পা ধরে ক্ষমা চাইতে হবে। সকলে গাছে বেঁধে মারবে”।

বলে রাখি, বিগত বেশ কয়েকমাস ধরেই নানান বিজেপি নেতারা বারবার বলে এসেছেন যে সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে। কখনও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তো আবার কখনও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে ডিসেম্বরেই সরকার পড়ে যাবে।

এদিন বাকি বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়েই ডিসেম্বরে সরকার পড়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করেন লকেটও। তিনি বলেন, “ডিসেম্বরে বাংলার মানুষ এই সরকারকে ফেলে দেবে। কোনও ৩৫৬ ধারা প্রয়োগের দরকার পড়বে না। যেভাবে রাজ্যে একের পর এক মন্ত্রী জেলে ঢুকছে, তাতে এমনিতেই সরকার পড়ে যাবে”।

RELATED Articles