কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ধর্না থেকেই রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন তিনি। ২১ লক্ষ শ্রমিককে ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, শনিবার ধর্নার শেষ দিনে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই নিজের ভাষণে তিনি ঘোষণা করেন যে আগামী ২১শে ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিককে ১০০ দিনের বকেয়া টাকা দেবে তাঁর সরকার। তিনি এও জানান যে বাকি শ্রমিকদেরও রাজ্য সরকার ধীরে ধীরে টাকা দেবে। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ। সেদিনই শ্রমিকদের এই টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন ধর্না থেকে মমতা বলেন, “কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মা’র’ব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুর যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে”।
তিনি আরও বলেন, “আবাসনের ১১ লক্ষ ক্লিয়ার করেও করেনি”। মমতার কথায়, “আবাসনেরটা আমি আজকে বলব না। ঠিক টাইমে আবার বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না”।
এই বিপুল টাকা কোথা থেকে আসবে?
এই প্রশ্নের জবাবেও মুখ্যমন্ত্রী দেন এদিন মঞ্চ থেকেই। তাঁর কথায়, এটা মানুষের টাকা, মাটির টাকা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “তিন বছর ধরে ১০০ দিনের শ্রমিকদের টাকা দেয়নি কেন্দ্র। সেই হকের টাকা দেবে বাংলার সরকার”।
প্রসঙ্গত, একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবীতে এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে ধর্নায় বসেছেন। তবে এবার লোকসভা ভোটের আগে এভাবে ‘বঞ্চিত’দের বকেয়া টাকা দেওয়ার ঘোষণা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় মাস্টারস্ট্রোক দিলেন, তা বলাই বাহুল্য।





